মানবাধিকার রক্ষা করার সুযোগ এসেছে : ডা. জাহিদ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মানবাধিকার রক্ষা করার সুযোগ এসেছে : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দীর্ঘ সময় পর বাংলাদেশে গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যূনতম মানবাধিকার রক্ষা করার সুযোগ এসেছে।

এ সুযোগ আমাদের ব্যবহার করতে হবে। আমাদের সন্তানরা, আমাদের তরুণ সমাজ তাদের জীবন উৎসর্গ করে গণতন্ত্র ও স্বাধীনতার সম্মুখে এসে গণঅভ্যুত্থান করেছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমাদের রক্ষা করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বিএনপির সমাবেশ সফলে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এই প্রস্তুতি সভা হয়।

ডা. জাহিদ বলেন, আমরা চারদিকে খেয়াল করছি- বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটপাট এবং দখলদারি হচ্ছে। বিএনপিকে বদনামের ভাগিদার করতে কিছু কিছু মানুষ বিএনপি এবং যুবদল-ছাত্রদল সেজে এগুলো করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন, এ ধরনের ঘটনা যেখানেই দেখা যাবে সঙ্গে সঙ্গে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। আইনের মাধ্যমে তার বিচার হবে। আমাদের মহাসচিবও একই নির্দেশ দিয়েছেন।

জনগণ দেশের মালিকানা ফিরে পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা এবং তার পরিবার দেশের যে মালিকানা কেড়ে নিয়েছিল- জনগণ সেই মালিকানা ফিরে পেয়েছে। এখন যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে দেশ কীভাবে চলবে। আর আমরা যারা রাজনীতি করি, আমরা তাদের কাছে গিয়ে বলবো- আমরা তাদের জন্য কী করতে চাই। আমরা কী পরিবর্তন চাই। কোনো ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, লিটন মাহমুদ, হাজী মনির হোসেন, সাবেক সদস্য ও দপ্তরের দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টুসহ থানা ও ওয়ার্ড বিএনপির দায়িত্বশীল নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ