মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ১৯, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ১৯, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় অভিযুক্ত ধর্ষককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামারস্থ সূর্যেরখামার গ্রামে ঘটনাটি ঘটে।
ওই এলাকার পঞ্চাশোর্ধ মানসিক প্রতিবন্ধী নারীকে মাছ দেওয়ার লোভ দেখিয়ে ভূট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে একই গ্রামের সাইফুর রহমানের ছেলে বাবর আলী (২৮)। ভূট্টা ক্ষেতেই অভিযুক্তকে আটক করে স্থানীয়রা।
পরে অভিযুক্ত যুবককে পাশের বাড়ির একটি গাছের সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর বিকাল তিনটার দিকে নাগেশ্বরী থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় ধর্ষণের শিকার নারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
ধর্ষণের শিকার নারীর ছোট ভাই আবু বকর লাভলু জানান, জন্ম থেকেই তার বোন মানসিক ভারসাম্যহীন। এ কারণে তার বিয়ে হয়নি। বাড়িতেই থাকেন তিনি। বাড়ির পাশে ধরকার বিল নামের একটি বিল রয়েছে। সেখানে প্রতিদিন জেলেরা মাঝ ধরে। সেখানে আমার বোন মাঝে মধ্যে গেলে তারা মাছ দেয়। মঙ্গলবার সকালে সে একই কারণে বিলের ধারে যায়। এসময় বাবর আলী ওই বিলে মাছ ধরেছিল। বাবর আলী আমার বোনকে মাছ দেয়ার প্রলোভন দেখিয়ে বিলের পাড়ের একটি ভূট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
তিনি আরও জানান, এসময় ক্ষেতে পানি দিতে গিয়ে এ দৃশ্য দেখে ফেলে ক্ষেতের মালিকের ছেলে। পরে ক্ষেতের মালিক সেকেন্দার আলী ধর্ষক বাবর আলীকে আটক করে নিয়ে আসে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ধর্ষণের শিকার নারী স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়াধীন রয়েছে।
জনতার আওয়াজ/আ আ