মানিকগঞ্জে হাসপাতালের বিছানায় বিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মানিকগঞ্জে হাসপাতালের বিছানায় বিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ

 

মানিকগঞ্জ প্রতিনিধি

ছবি :সংগৃহীত

মানিকগঞ্জে এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সাধারণত বিয়ে মানেই সাজানো মঞ্চ, ফুলের পাপড়ি আর অতিথির কোলাহল। কিন্তু এবার বিয়ের আসর বসলো হাসপাতালের বিছানায়। দুর্ঘটনায় আহত বর শয্যাশায়ী অবস্থাতেই পরলেন বিয়ের মুকুট, আর কনে লাল শাড়িতে ঘুরলেন তার চারপাশে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে। এদিন শহরের চাঁনমিয়া লেনের বিশিষ্ট ব্যবসায়ী অরবিন্দ সাহার ছেলে অভিজিৎ সাহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পরিবারের স্বজনরা জানান, বিয়ের তারিখ অনেক আগেই নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত দিনের আগেই অভিজিৎ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। ঢাকা থেকে ফেরার পথে ধামরাই এলাকায় ঘটে দুর্ঘটনাটি। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার সঙ্গিন হলেও দুই পরিবারের সিদ্ধান্ত ছিল—বিয়ে পিছানো হবে না। তাই হাসপাতালের কক্ষেই সম্পন্ন হয় বিয়ের মূল আচার।

হিন্দু বাঙালি বিয়েতে কনের পিঁড়ি ঘিরে বরের চারপাশে সাতবার ঘোরানো হয়, যাকে বলা হয় ‘সাতপাক’। কিন্তু এবার সেই দৃশ্য ঘটলো হাসপাতালের বিছানায়। শয্যাশায়ী বরকে ঘিরেই সাতপাক সম্পন্ন করেন কনে। সীমিত আত্মীয়স্বজন ও হাসপাতালের কর্মীরা উপস্থিত ছিলেন এ সময়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করে পুরো আয়োজন। লাইভে হাজারো মানুষ দেখেছেন এ অভিনব বিয়ে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। অনেকে মন্তব্য করেছেন, “ভালোবাসা হাসপাতালের বিছানায়ও ফোটে।” আরেকজন লিখেছেন, “এ যেন সিনেমার গল্পকেও হার মানিয়েছে।”

বরের বাবা অরবিন্দ সাহা বলেন, “আমরা ভাবতেই পারিনি হাসপাতালে এমন আনন্দ হবে। তারিখ যেহেতু আগে থেকে ঠিক ছিল, তাই পিছিয়ে না দিয়ে নির্ধারিত দিনেই বিয়ে সেরে নিলাম। এই আয়োজন কোনোদিন ভুলতে পারবো না।”

এমন ব্যতিক্রমী আয়োজন শুধু পরিবার নয়, গোটা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে। মানিকগঞ্জের এই বিয়ে এখন সবার আলোচনার বিষয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ