মানুষকে ধৈর্য্যহারা না করে দ্রুত সংস্কার কাজ শেষ করুন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ

টাঙ্গাইল প্রতিনিধি
অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিয়েছি। আপনারা সংস্কার করুন। কিন্তু এমন সময় নেবেন না, যাতে মানুষ ধৈর্য্যহারা হয়। ধৈর্য্য থাকতে থাকতে সংস্কারের কাজটা শেষ করবেন এটা আমরা প্রত্যাশা করি বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রবিবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিএনপির নেতা।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘যারা এ দেশটাকে ১৬-১৭ বছর ধরে লুটেপুটে খেয়েছে, আর মানুষের ওপর জুলুম করেছে, তাদের বিচারের আওতায় আনার দিন।
শেখ হাসিনার আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, জেল-জুলুমের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তার কৈফিয়ত আপনাকে (হাসিনা) দিতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, যারা গণতন্ত্রের জন্য মামলার মুখোমুখি হয়েছে তাদের মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করে নেবেন।’
মওলানা ভাসানীকে স্মরণ করে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘মওলানা ভাসানী ছিলেন বেগম খালেদা জিয়ার কাছে শ্রদ্ধার ও সম্মানের। তাকে শহীদ জিয়াউর রহমান চিনেছিলেন বলেই তার আদর্শ গ্রহণ করেন তিনি। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের কৃষকদের কাছে গিয়ে তাদের কথা শুনতেন, যেমন শুনতেন মওলানা ভাসানী।’
এসময় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতানা সালাউদ্দিন টুকু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ