মানুষ কোনো সংকটে নেই সংকটে আছে বিএনপি: হানিফ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ৬, ২০২৩ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ৬, ২০২৩ ২:৫৭ অপরাহ্ণ

দেশ কোনো সংকটে নেই, মানুষ কোনো সংকটে নেই; সংকটে আছে বিএনপি—এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেছেন, যে দলের শীর্ষ দুই নেতা দণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক ও কারাগারে থাকে, সেই দল তো সংকটেই থাকবে। তাই সান্ত্বনা খুঁজতে দেশ সংকটে আছে বলে প্রচার করছে তারা।
কুষ্টিয়ায় শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
‘সরকার বিচার বিভাগকে ব্যবহার করছে’—বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপির মুখে এ কথা মানায় না, কারণ বিএনপি এ দেশের বিচার ব্যবস্থাকে কলুষিত করেছিল। বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে এবং ক্ষমতায় থাকতে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিএনপি বিচারহীনতার সংস্কৃতি কায়েম করেছিল। আওয়ামী লীগ ভবিষ্যতেও বিচার বিভাগে কোনো হস্তক্ষেপ করবে না।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, ১০ বছর ধরে বিএনপির আন্দোলন দেখে আসছি। জনবিচ্ছিন্ন দল বিএনপির আন্দোলন নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই। বিএনপির আন্দোলন নিয়ে জনগণও ভাবে না, আওয়ামী লীগও ভাবে না। তবে যে কোনো অপতৎরতা কঠোর হস্তেই দমন করা হবে।
পরে কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে মশাল জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে যুব গেমসের উদ্বোধন করেন হানিফ। এ সময় কুষ্টিয়ার কুমারখালী আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী ও অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ