মার্কিন কর্মকর্তাদের সিরিজ সফরের মধ্যে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ৫২ মিনিট - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মার্কিন কর্মকর্তাদের সিরিজ সফরের মধ্যে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ৫২ মিনিট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১২:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১২:৫১ পূর্বাহ্ণ

 

মার্কিন কর্মকর্তাদের সিরিজ সফরের মধ্যে মাত্র ৫২ মিনিটের জন্য ঢাকায় যাত্রা বিরতি করেছিলেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। সোমবার রাতে আফ্রিকার পাঁচ দেশ সফরে যাওয়ার পথে বাংলাদেশে থামেন তিনি। রাত ১টা ৫৮ মিনিটে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং চটজলদি রিফুয়েলিং শেষ করে রাত ২টা ৫০ মিনিটে ঢাকা ছেড়ে যায়। অভ্যর্থনা জানানো থেকে বিদায় অবধি পুরোটা সময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বিমানবন্দরে চীনা অতিথিকে সঙ্গ দিয়েছেন। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কিছু বিষয়ে আনুষ্ঠানিক আলোচনাও হয়। চীনা মন্ত্রীকে বিদায়ের পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে অপেক্ষমাণ সংবাদকর্মীদের সঙ্গে আলাপে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে করোনার টিকা দেয়ায় চীনের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি। চীনের সঙ্গে বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতির বিষয়টি তুলে ধরে মন্ত্রী মোমেন বলেন, বাণিজ্যে সমতা ফিরাতে চীনের বাজারে ৯৮ শতাংশ বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়ার কথা ছিল। কিন্তু গেজেট না হওয়ায় দীর্ঘদিন পার হলেও বাংলাদেশি ব্যবসায়ীরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে গেজেট নোটিফিকেশন তথা ঘোষণা পাকাপোক্ত করতে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি। পদ্মা সেতুসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে চীনের সহযোগিতা বিশেষত পদ্মা সেতুর রেল লিংক স্থাপনে চীনের সহায়তার বিষয়টি আলোচনায় স্থান পেয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, আমরা এক চীন নীতিতে বিশ্বাস করি।

এটা আমাদের মূলনীতি, এটা আমাদের পররাষ্ট্রনীতি। তবে আমাদের সবাইকে নিয়েই যে চলতে হয় সেটাও আমি বলেছি। আমি বলেছি, এ জন্য আমরা আপনাদের টাইম টু টাইম সাপোর্ট দেবো। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের সময় অর্থ সহায়তার বেশ কিছু চুক্তি সই হয়েছিল। কিন্তু সবগুলো এখনো বাস্তবায়ন হয়নি জানিয়ে মোমেন বলেন, প্রতিশ্রুত অর্থ দ্রুত ছাড়ের অনুরোধ করেছি। চীনের পররাষ্ট্রমন্ত্রী তাকে বেইজিং সফরের আমন্ত্রণ জানিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, জবাবে আমি তাকে আরও বেশি সময় নিয়ে (পুরোপুরি দ্বিপক্ষীয় সফরে) ফের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছি। তিনি আফসোসের সুরে বলেন, কখন যে ফ্লাইট ছাড়ার সময় চলে এলো, বুঝতেই পারলাম না! সেগুনবাগিচার দায়িত্বশীল প্রতিনিধিরা মনে করেন চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরটি যতই সংক্ষিপ্ত হোক না কেন বহুমাত্রিক তাৎপর্য রয়েছে। তাদের মতে, বন্ধুত্বের বিশেষ বার্তা বিনিময়ে চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সফরটি খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে ফেরা কিন গ্যাং ডিসেম্বরে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন। এটি তার প্রথম বিদেশ সফর। এই যাত্রায় তিনি ইথিওপিয়া, গ্যাবন, এঙ্গোলা, বেনিন এবং মিশর সফর করছেন। ৯ই জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত ওই সফর হবে। এদিকে মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপে পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগী চীন বাংলাদেশের উন্নয়নের মহাসড়কে সম্পৃক্ত থাকতে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার দিবাগত রাতে ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী এই বার্তাই দিয়েছেন। মন্ত্রী মোমেন বলেন, বাংলাদেশ যেভাবে চলছে ও এর উন্নয়ন অভাবনীয় এবং চীন এর সহযোগী হিসেবে কাজ করতে চায়। চীনা মন্ত্রী জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যোগান ব্যাহত হচ্ছে, আর্থিক লেনদেনে সমস্যা হচ্ছে এবং নতুন অবস্থার সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে। ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে তিনি ঢাকা সফরে এসেছিলেন। গত ৩০শে ডিসেম্বর চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ লাভের পর এটিই তার প্রথম বিদেশ সফর। দায়িত্ব নেয়ার ১০ দিনের মধ্যে তিনি ঢাকা সফর করলেন উল্লেখ করে মন্ত্রী মোমেন বলেন, এটি আমাদের জন্য ভালো খবর। তার সঙ্গে এটি আমার প্রথম সাক্ষাৎ। আমাদের বড় ইস্যু হচ্ছে রোহিঙ্গা এবং এ বিষয়ে চীনারা আমাদের সহায়তা করেছে। সেই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি অঙ্গীকার করেছেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন মিয়ানমারে কিছু অসুবিধা আছে। সেজন্য প্রত্যাবাসন শুরু করতে সময় লাগছে। দুই দেশের মধ্যে বাণিজ্য প্রায় ১৪০০ কোটি ডলার কিন্তু এরমধ্যে চীনের রপ্তানি ১৩০০ কোটি ডলার। বাংলাদেশকে ৯৮ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছিল চীন। কিন্তু এটির এখনো গেজেট না হওয়ার কারণে আমাদের ব্যবসায়ীরা এর সুবিধা পাচ্ছে না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আলোচনার পরে চীনের মন্ত্রী জানিয়েছেন এটি তিনি করবেন। বিভিন্ন বৃহৎ প্রকল্পে চীন যে কাজ করছে সেটি যেন আরও ত্বরান্বিত হয়, সেটির জন্য আলোচনা করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ