মার্চ ফর জাস্টিস: গাজীপুরে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ৩১, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ৩১, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
গাজীপুরের চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর আঞ্চলিক সড়কের শিববাড়ী এলাকা অবরোধের চেষ্টা করেন শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেন।
আজ বুধবার সকাল সাড়ে ১১টার থেকে শিক্ষার্থীরা শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল করেন। তারা সেখানে ৩০ মিনিটের মতো অবস্থান করেন।
স্থানীয়রা জানান, শিক্ষার্থীদের একাধিক মিছিল এসে মোড়ে জমায়েত হয়। এসময় আন্দোলনে একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়রাও স্লোগান দিতে থাকেন।
এর আগে, সকাল থেকেই ডুয়েটের সামনের সড়কে, জয়দেবপুর জংশন আশপাশে, শিববাড়ি মোড়ে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা গেছে। বর্তমানে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, দুপুর ১২টার দিকে পুলিশ লাঠিচার্জ করে ছাত্রদের ছত্রভঙ্গ করেছে। তবে, এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জানতে চাইলে গাজীপুর সদর থানার ওসি রাফিউল করীম জানান, শিববাড়ী মোড়ে কিছু শিক্ষার্থী এসেছিল। তারা এখন নেই। আমি ঘটনাস্থলে এসে তাদের পাইনি।
জনতার আওয়াজ/আ আ