মিথ্যা ও ভুয়া মামলার তথ্য প্রকাশ করুন: সংসদে রুমিন ফারহানা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিথ্যা ও ভুয়া মামলার তথ্য প্রকাশ করুন: সংসদে রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় গত ১৭ বছর ও ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে হওয়া ‘মিথ্যা ও ভুয়া’ মামলার তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনে আইনমন্ত্রীর কাছে লিখিত প্রশ্নে তিনি এই দাবি জানান।

রুমিন ফারহানা জানতে চান, উল্লিখিত সময়ে হওয়া মামলার মধ্যে কতগুলো তদন্ত বা আদালতের রায়ে ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, এজাহারে অভিযুক্তদের দলীয় পরিচয় থাকে না। ফলে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক মামলা করা হয়েছে, তার পরিসংখ্যান সরকারের কাছে নেই। তবে সরাইল উপজেলায় ৪২টি ও আশুগঞ্জ উপজেলায় ২৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানান।

সংসদে সরাইল উপজেলা হাসপাতালের অবকাঠামো ও জনবলসংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন রুমিন ফারহানা। তিনি বলেন, ‘সাড়ে ৩ লাখ মানুষের জন্য থাকা ৫০ শয্যার হাসপাতালটি নিজেই রোগীর মতো অবস্থায় রয়েছে।’

হাসপাতালে কনসালট্যান্টসহ চিকিৎসকের ৯টি, নার্সের ৬টি, মেডিকেল টেকনোলজিস্টের ২টি, ফিল্ড স্টাফের ১৫টি ও স্বাস্থ্যসহকারীর ৮টিসহ মোট ৬৪টি পদ শূন্য। রুমিন ফারহানা জানান, ১০ কোটি টাকা ব্যয়ে ৬ তলা ভবন নির্মাণের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে পুরোনো দোতলা ভবনেই সীমিত সুযোগে চিকিৎসাসেবা চলছে। তিনি দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ