মির্জা ফখরুলের ৯ মামলায় জামিন শুনানি কাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ৮, ২০২৪ ১০:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ৮, ২০২৪ ১০:৩১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
রমনা মডেল ও পল্টন থানার পৃথক ৯ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেপ্তার ও জামিন শুনানির বিষয়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) দিন ধার্য রয়েছে। গত ৩১ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ দিন ধার্য করেন।
ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মির্জা ফখরুলকে আদালতে উপস্থিত করা হবে। তার উপস্থিতিতে গ্রেপ্তার ও জামিনের বিষয়ে শুনানি হবে।’
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে পল্টন থানার আট মামলা ও রমনা মডেল থানার তিন মামলা রয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত ২৯ অক্টোবর গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন।
অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদাল জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে গত ১৮ ডিসেম্বর পল্টন মডেল থানার মামলায় গ্রেপ্তার দেখানোর পর জামিন নামঞ্জুর করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে কারাগারে পাঠানো হয়েছে।
জনতার আওয়াজ/আ আ