মিস ইন্ডিয়া থেকে ঐশ্বরিয়ার ভয়ে সরে যেতে চেয়েছিলেন সুস্মিতা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিস ইন্ডিয়া থেকে ঐশ্বরিয়ার ভয়ে সরে যেতে চেয়েছিলেন সুস্মিতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২৩, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২৩, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
১৯৯৪ সালের ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতা থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। যার অন্যতম কারণ ছিলেন আরেক সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। পরে যদিও আবার নাম জমা দিয়েছিলেন তিনি।

কিন্তু জানেন কি, সেই বছরই ঐশ্বরিয়াকে হারিয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন? ‘মিস ইন্ডিয়া’-র খেতাব অর্জন করেছিলেন তিনি।

কয়েক বছর আগের এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার জন্য নাম সরিয়ে নেওয়ার ঘটনাটি শেয়ার করেন সুস্মিতা। কিন্তু কী সেই ঘটনা? সেই সময় ঐশ্বরিয়া প্রতিষ্ঠিত মডেল। সুন্দরী হিসেবে তার নাম-ডাকও ছিল। কিন্তু সুস্মিতা তখনও নিজের জায়গা তৈরি করতে পারেননি।

প্রতিযোগিতায় নাম লেখাতে গিয়ে সুস্মিতা জানতে পারেন, ঐশ্বরিয়া রাই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। একই সঙ্গে তাকে জানানো হয়, ততক্ষণে আরও ২৫ জন মডেল প্রতিযোগিতা থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। কেননা সকলেই ভেবেছিলেন ঐশ্বরিয়া থাকলে অংশগ্রহণ করে লাভ নেই। জেতার কোন আশাও ছিল না কারও।

প্রতিযোগিতার এক কর্মী তো সুস্মিতাকে এও বলে বসেন যে, ‘‘আপনি নাম জমা দেওয়ার আগে ভেবে নিন। ঐশ্বরিয়া রাই অংশগ্রহণ করছেন।’’ সুস্মিতা তৎক্ষণাৎ ফর্ম ফেরত নিয়ে নেন।

কিন্তু বাড়ি যাওয়ার পরে তার মায়ের কাছে বকুনি খান সুস্মিতা। তার মা তাকে বলেন, ‘‘চেষ্টা না করেই হাল ছেড়ে দিলে তুমি? তোমার যদি মনেই হয় ঐশ্বরিয়া খুব সুন্দরী, সে জিতবেই, তাহলে তার কাছে হারতে অসুবিধা কোথায়?’’ মায়ের কথা শুনে প্রতিযোগিতায় যোগ দেন সুস্মিতা।

তারই ফলাফল সরূপ ঐশ্বরিয়াকে হারিয়ে দেন তিনি। অর্জন করেন ‘মিস ইন্ডিয়া’র মুকুট। আর দ্বিতীয় স্থান অধিকার করেন ঐশ্বরিয়া। পরবর্তীকালে ঐশ্বরিয়াকে তিনি নিজেই এই গল্প বলেছিলেন।- বলিউড লাইফ

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ