মিয়ানমার সামরিক বাহিনী বাংলাদেশ সীমান্তে গোলা বর্ষণে’ বিএনপির উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ

মিয়ানমার সামরিক বাহিনী বাংলাদেশ সীমান্তে গোলা নিক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। মর্টার শেল পড়ার সপ্তাহ না গড়াতেই যুদ্ধবিমান ও ফাইটিং হেলিকপ্টার থেকে গোলাবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানায় দলটি। বুধবার (৭ সেপ্টেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই উদ্বেগ প্রকাশ করেন।
এর আগে গত সোমবার ৫ সেপ্টেম্বর বিএনপি’র সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
মির্জা ফখরুল বলেন, সভা মনে করে পর পর এই ধরনের মর্টারশেল নিক্ষেপ বাংলাদেশের স্বাধীনতা সার্বোভৌমত্বের উপর মারাত্মক হুমকি স্বরূপ। এই অনির্বাচিত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারনে বাংলাদেশের সীমান্তে এই সব ঘটনা ঘটছে। সরকারের ব্যর্থতার কারণে এখন পর্যন্ত সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা, অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধান না হওয়া এবং রোহিঙ্গা শরণার্থী স্বদেশে প্রত্যাবসনের কোনও ইতিবাচক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। সভা, এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।
সভায় দেশের চরম অর্থনৈতিক সংকটের মাঝে আওয়ামী লীগের রাজনৈতিক প্রচার চালাতে জনগণের ১৩২ কোটি টাকার অর্থ অপচয়ের এলইডি প্রকল্প গ্রহণের তীব্র সমালোচনা করা হয়। সভা মনে করে শুধমাত্র দুর্নীতি ও নির্বাচনের পূর্বে ফায়দা নেওয়ার জন্য এই ধরনের প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশে বিএনপি আয়োজিত অনুষ্ঠান ও র্যালির ওপর আওয়ামী সন্ত্রাসী বাহিনী ও কতিপয় দলবাজ পুলিশ সদস্যদের যৌথ হামলা, ভাঙচুর, হয়রানিমূলক মিথ্যা মামলা বিশেষ করে নারায়গঞ্জে পুলিশের কর্মকর্তা বেআইনিভাবে চাইনিজ রাইফেল দিয়ে গুলিবর্ষণ করে যুবদল কর্মী শাওনকে হত্যা করে। সেখানে অসংখ্য নেতা-কর্মীদের আহত হওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়।
এছাড়াও একই দিনে সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, নড়াইল, কিশোরগঞ্জ, ঠাকুরগাঁও, বরগুনা, ফরিদপুরসহ আরও বেশ কয়েকটি জেলায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বরগুনার সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম মনিসহ অসংখ্য নেতা-কর্মী মারাত্মকভাবে আহত হয়। এই সব ঘটনায় পুলিশ বেশীর ভাগ জায়গায় আওয়ামী সন্ত্রাসীদের সহযোগীতা করে এবং পরবর্তীকালে কয়েক হাজার নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে বাড়ি বাড়ি তল্লাশি করে যাচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, অনির্বাচিত আওয়ামী লীগের এই অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা, খুন, নির্যাতন শুরু করেছে এবং মিথ্যা মামলা দিয়ে বিএনপি’র নেতা-কর্মীদের মাঠ থেকে সরিয়ে দেওয়ার নীল নকশা তৈরি করেছে।
তিনি বলেন, সভায় অবৈধ সরকারের বিরোধী দলকে নির্মূল করার হীন চক্রান্তের তীব্র সমালোচনা করা হয়। একদিকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আচরণের কথা বলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা অন্যদিকে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর গুলিবর্ষণ করে নেতা-কর্মীদের হত্যা ও নির্যাতন এই সরকারের ফ্যাসীবাদী চরিত্রই উদঘাটন করছে।
সভায় অবিলম্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ, এই অবৈধ সরকারের পদত্যাগ দাবি করা হয়; বলেন বিএনপি মহাসচিব।
সভায় এই সকল হত্যাকান্ড, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং বেগম খালেদা জিয়াসহ সকল রাজবান্দীদের মুক্তির দাবিতে আন্দোলন আরও বেগবান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
জনতার আওয়াজ/আ আ