মুক্তিযুদ্ধের বিতর্কিতরা পিআর-এর নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে: আমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুক্তিযুদ্ধের বিতর্কিতরা পিআর-এর নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে: আমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ১৩, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ১৩, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মুক্তিযুদ্ধের সময় যাদের ভূমিকা ছিল বিতর্কিত, তারা এখন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

তিনি বলেন, নির্বাচন বানচাল করা যাবে না। বাংলাদেশে নির্বাচন হবেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডেমোক্রেটিক লীগ-ডিএল এর সাবেক সাধারণ সম্পাদক, ৯০-এর ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার সাইফউদ্দিন আহমেদ মনি’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশগ্রহণ করবেন এবং নির্বাচনী প্রচারণায় থাকবেন বাংলাদেশে।”

“দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে”—এই বক্তব্যের উদ্ধৃতি টেনে তিনি বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ ও ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন—সব ক্ষেত্রেই ফয়সালা হয়েছে রাজপথেই।”

বিএনপি নেতা অভিযোগ করেন, বর্তমানে বাংলাদেশে নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে। বিশেষ করে বিএনপিকে উদ্দেশ্য করে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “তিনবারের প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডারের স্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ রাখা হয়েছে। আওয়ামী লীগের নেতারা বিদেশে চিকিৎসা নিতে পারেন, কিন্তু বেগম জিয়াকে বিদেশে যেতে দেওয়া হয়নি। তাকে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করা হয়েছে।”

ডাকসুর সাবেক ভিপি প্রয়াত ছাত্রনেতা সাইফউদ্দিন মনি’র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমান বলেন, “মনি ভাই ছিলেন অকুতভয়, সৎ ও নির্লোভ রাজনীতিক। নব্বইয়ের দশকের ডাকসু নেতারা শিগগিরই মনি ভাইয়ের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করবেন। তার নামে একটি রাস্তার নামকরণের উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “সাইফউদ্দিন মনি’র স্বপ্ন ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক সরকার গঠন। সেই লক্ষ্যেই আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।”

সভায় সভাপতিত্ব করেন ডেমোক্রেটিক লীগ-ডিএল এর সহ-সভাপতি মো. মাহবুব আলম। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবীর খোকন, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটনসহ ৯০-এর ছাত্র নেতৃবৃন্দ ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেমোক্রেটিক লীগ-ডিএল এর সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ