মুনাফালোভীরা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খাচ্ছে : জি এম কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৪, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুনাফালোভীরা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খাচ্ছে : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১১, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১১, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ

 

মুনাফালোভীরা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খাচ্ছে মন্তব্য করে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। সরকারের বেঁধে দেয়া দামের চেয়েও অনেক বেশি মূল্যে বিক্রি হচ্ছে ডিম, পিয়াঁজ ও আলু। দেখার যেনো কেউ নেই। দ্রব্যমূল্য উর্ধগতিতে সাধারণ মানুষের মাঝে হাহাকার উঠেছে।

আজ বুধবার (১১ অক্টোবর) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে সাবেক এই বাণিজ্য মন্ত্রী বলেন, গেলো ১৪ সেপ্টেম্বর ৬৪ থেকে ৬৫ টাকায় প্রতিকেজি পিয়াঁজ, ৩৫ থেকে ৩৬ টাকায় প্রতি কেজি আলু এবং ডিমের ডজন ১৪৪ টাকা নির্ধারণ করে দেয় সরকার। প্রকৃত সত্য হচ্ছে সরকার নির্ধারিত মূল্যে একদিনও ডিম, পিয়াঁজ ও আলু বিক্রি হয়নি বাজারে। বর্তমানে বাজারে প্রতিকেজি পিয়াঁজ ১০০ থেকে ১০৫ টাকা, প্রতিকেজি আলু ৫০ থেকে ৫৫ টাকা এবং ডিমের ডজন ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আয় না বাড়লেও ব্যয় কয়েকগুণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বাজারে গিয়ে দিশেহারা হয়ে পড়ছে উল্লেখ করে জি এম কাদের বলেন, বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের নামে আইওয়াশ চলছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সাধারণ মানুষের অভিযোগ ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মুনাফালোভিদের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে। মুনাফালোভীরা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খাচ্ছে। ক্ষমতার লোভে অন্ধ হয়ে সরকার দেশের মানুষের কষ্ট দেখতে পায় না।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে এখনই বাজার নিয়ন্ত্রণ ও চাহিদা মোতাবেক সরবরাহ করতে হবে। সঙ্গে সঙ্গে মজুদদারী সিন্ডিকেটের বিরুদ্ধেও আইনী পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ