মুরাদনগরে জমে উঠছে কায়কোবাদ-আসিফ-ইউসুফের লড়াই - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুরাদনগরে জমে উঠছে কায়কোবাদ-আসিফ-ইউসুফের লড়াই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শীর্ষ তিন রাজনৈতিক দল ভোটের কার্যক্রম শুরু করেছে। বিএনপি খোশগল্প আয়োজনের মাধ্যমে জনতার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছে, এনসিপি উপজেলা উন্নয়ন কর্মকাণ্ড তদারকি করে ভোটারদের মনে সাড়া জাগাচ্ছে, আর জামায়াতের নেতাকর্মীরা দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করছেন। এই ত্রিমুখী প্রচারণা এলাকায় ভোটের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।

সরেজমিন ঘুরে জানা গেছে, মুরাদনগর উপজেলার যাত্রাপুর, নবীপুর, কামাল্লা, বাঙ্গরাসহ আশপাশের এলাকায় ইতোমধ্যেই বিএনপি খোশগল্পের আয়োজন করেছে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ-সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এসব খোশগল্পে আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড এবং বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরছেন। পাশাপাশি তারেক রহমানের রাষ্ট্র ভাবনা এবং দলের ৩১ দফা তুলে ধরা হচ্ছে।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই উপজেলার বাসিন্দা। আসনটিতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে। এনসিপির নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ, সড়কের সংস্কার, কবরস্থানের উন্নয়ন, মসজিদ-মাদ্রাসার উন্নয়নসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ড দেখভাল করছেন। পাশাপাশি বিভিন্ন মানুষের দাবি ও প্রত্যাশা পূরণের জন্য আশ্বাস দিচ্ছেন। এর মধ্যদিয়ে তারা নির্বাচনি বার্তা দিচ্ছেন।

এদিকে জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণার পর থেকেই জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট চাইছেন নেতাকর্মীরা। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল দলটির সংসদ-সদস্য পদপ্রার্থী। তিনি ভোটারদের মন জয় করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন।

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, জনগণের সঙ্গে বিএনপির মেলবন্ধন তৈরির লক্ষ্যে আমরা কাজ করছি। এখানে বিএনপির ভোট ব্যাংক। অন্য কোনো তৎপরতা কাজে আসবে না। জনসাধারণ বিএনপিকে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে।

মুরাদনগর উপজেলা এনসিপির মুখ্য সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে হচ্ছে কি না তা তদারকি করা হচ্ছে। উপদেষ্টার হাত ধরে এখানে ব্যাপক উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে।

জামায়াত নেতা ইউসুফ হাকিম সোহেল বলেন, আমরা জনগণের রায়ে বিশ্বাসী। তাই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। অনেক সাড়া পাচ্ছি। মানুষ গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায়। আমরা মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ