মৃত্যুর মিছিলে ভারি ‘শোক’ দিবস - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মৃত্যুর মিছিলে ভারি ‘শোক’ দিবস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২ ১২:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২ ১২:২৬ পূর্বাহ্ণ

 

বাঙালির ইতিহাসে অন্যতম শোকের দিন ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে বাঙালি হারিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে। আজকের এই দিনে গোটা জাতি যখন জাতির পিতার শোক পালন করছে, তখন রাজধানীর বড় দুটি দুর্ঘটনা যেন এই শোককে আরও ব্যথাতুর করে তুলেছে। সেই সঙ্গে শোক দিবসে মর্মান্তিক দুটি দুর্ঘটনায় মৃত ১১ জনের স্বজনদের আহাজারিতে যেন রাজধানীর আকাশ-বাতাসও ভারী হয়ে উঠেছে।

দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সোমবার (১৫ আগস্ট) সকালে জাতির পিতাকে স্মরণ করে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধু ভবন এলাকা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এর কিছুক্ষণ পর দুপুর ১২টার দিকে খবর আসে চকবাজারে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের। পুরান ঢাকার চকবাজারের কালামবাগ এলাকায় অবস্থিত একটি পলিথিন ও প্লাস্টিকের কারখানায় ওই আগুন লাগে। পরে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়।

দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। মর্মান্তিক ওই দুর্ঘটনায় ঝরে যায় ছয়টি তাজা প্রাণ। শোকের ছায়া নেমে আসে নিহতদের পরিবারে। সেই সঙ্গে লাশ উদ্ধারের পরপর স্বজনদের কান্নায় পুরান ঢাকাসহ মিডফোর্ড হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠে।

স্বজন হারানোর শোকে যখন পুরান ঢাকায় মানুষের আহাজারি চলছে, তখনই বিকেলে খবর এলো আরেক দুর্ঘটনার। উত্তরার জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে নির্মাণাধীন বিআরটি প্রকল্পের গার্ডার ক্রেন প্রাইভেটকারের ওপর পড়ে মারা গেছেন পাঁচজন। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। যারমধ্যে দুজন শিশুও রয়েছে।

উল্লেখ্য, রাজধানীর বড় এই দুটি দুর্ঘটনা ছাড়াও সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের ইটনায় জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় কর্মকার (২৫) ও বিজয় কর্মকার (১৭) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ দিন সকাল ৮টার দিকে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ