মেধাবী কিশোর ত্বকী হত্যা১১ বছর পেরিয়ে গেলেও তদন্ত শেষ হয়নি!
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের আরও একটি বছর পার হয়ে গেল। কিন্তু গত নয় বছরের মতো এই হত্যা মামলার তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা র্যাব। এদিকে, ন্যায়বিচারের জন্য ত্বকীর পরিবারের অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে।
ত্বকীর প্রথম মৃত্যুবার্ষিকীর কয়েক দিন আগে আশান্বিত হয়েছিলেন শোকাহত বাবা-মা। যখন র্যাব দাবি করেছিল যে, তারা হত্যার রহস্য ভেদ করেছে এবং এমনকি একটি খসড়া তদন্ত প্রতিবেদনও তৈরি করেছে।
হত্যাকাণ্ডে আজমেরী ওসমানসহ ১১ জনের সম্পৃক্ততার কথা উল্লেখ করা র্যাবের খসড়া তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে ফাঁস হয়।
আজমেরী ওসমান জাতীয় পার্টির প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা।
ত্বকীর প্রথম মৃত্যুবার্ষিকীর একদিন আগে, র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান গণমাধ্যমে বলেছিলেন, তাদের কাছে ১১ জনের জড়িত থাকার প্রমাণ রয়েছে এবং এই হত্যা মামলার অভিযোগপত্র যেকোন দিন আদালতে জমা দেওয়া হবে।
তবে, দীর্ঘ ১০ বছর পরেও সেই দিনটি আর আসেনি। র্যাব তদন্ত শেষ করতে আরও সময় চাওয়ায় আদালত এ পর্যন্ত তদন্ত শেষ করতে ৭০ বার সময় বাড়িয়েছে।
ত্বকীর পিতা রফিউর রাব্বি সম্প্রতি দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘র্যাব চার্জশিট তৈরি করেছিল, কিন্তু নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডে জড়িত থাকায় গত ১০ বছরেও তা আদালতে জমা দেয়নি।’
র্যাবের ফাঁস হওয়া তদন্ত প্রতিবেদন অনুযায়ী, নারায়ণগঞ্জের মেধাবী কিশোর ত্বকী হত্যার কেবল পরিকল্পনাই না, বরং এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন আজমেরী। তার নির্দেশে, ২০১৩ সালের ৬ মার্চ তার সহযোগীরা ত্বকীকে অনুসরণ করে এবং তাকে অপহরণ করে শহরের আল্লামা ইকবাল রোডে উইনার ফ্যাশনে তার ‘টর্চার সেলে’ নিয়ে যায়।
পরে ওই রাতে, আজমেরী এবং তার সহযোগীরা ১৭ বছর বয়সী ত্বকীকে পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তার লাশ বস্তায় ভরে আজমেরীর গাড়িতে করে চারারগোপ এলাকায় নিয়ে যায়।
সেখান থেকে রাত একটা থেকে দেড়টার মধ্যে ঘাতকরা নৌকায় করে লাশ নিয়ে কুমুদিনী জোড়া খাল এলাকার শীতলক্ষ্যায় ফেলে দেয়। পরদিন ৮ মার্চ নদী থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয় বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জনতার আওয়াজ/আ আ