মোস্তফা আমীনের কারামুক্তির দাবি ফরওয়ার্ড পার্টির
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ৯, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ৯, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ

ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক, অহিংস আন্দোলন বাংলাদেশের প্রধান সংগঠক আ.ব.ম. মোস্তফা আমীন এবং মুক্তিযোদ্ধা আবুল বাশারের নিঃশর্ত কারামুক্তির দাবি জানিয়েছে দলটি। মঙ্গলবার (৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ফরওয়ার্ড পার্টি আয়োজিত এক নাগরিক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানান দলের সদস্য সচিব মো. মাহবুবুল আলম চৌধুরী।
তিনি বলেন, বর্তমান বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের যাত্রা কোন দিকে আমরা জানি না। তবে এর কু-প্রভাব সমগ্র জাতিকে পদদলিত করছে। যার বাস্তবতা খেটে খাওয়া মানুষগুলো হাড়ে হাড়ে উপলব্ধি করছে। স্বাধীনতার পর থেকেই আমাদের দেশে দলীয় রাজনীতির কু-প্রভাব শুরু হয়েছে। এতে জন্ম নিয়েছে প্রতিহিংসামূলক রাজনীতি। বিশেষ করে যে দল ক্ষমতায় থাকে, সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকে। এখানে দল আছে দলের রাজনীতি নেই। দলীয় শাসন নেই সরকার দলীয় শোষণ ও নির্যাতনে দেশের অবস্থা আজ ভূতুড়ে।
মাহবুবুল আলম চৌধুরী বলেন, গত ৭ মে রংপুরের পীরগঞ্জে অহিংস গণঅভুত্থান বাংলাদেশ আন্দোলন করেছে। আন্দোলন হচ্ছে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার প্রক্রিয়ার পর বিনা সুদে, বিনা জামানতে ঋণ দিয়ে দেশের নিম্ন আয়ের জনগণকে দারিদ্রমুক্ত করা। দেশের বিভিন্ন জায়গায় এই সমাবেশগুলো ইতোমধ্যেই দেশের সাধারণ মানুষের ভিতর ব্যাপকভাবে সাড়া ফেলেছে। কিন্তু এই ধরনের যেকোন জনহিতকর কাজ ও সমাবেশ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা না করে আন্দোলনের নেতাদের জেলে পাঠাচ্ছে। তাই, আমরা তাদের নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি।
প্রতিবাদ সমাবেশে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ