মোহাম্মদপুরের ওসিকে থানায় রাখতে মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যদের মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মোহাম্মদপুরের ওসিকে থানায় রাখতে মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
‎রাজধানীর মোহাম্মদপুরে ওসি আলী ইফতেখারের অপসারণ চেয়ে গত ২৫ জুলাই থানার সামনে বিক্ষোভ কর্মসূচি করে স্থানীয় ছাত্র-জনতা। ওই সময় দাবি করা হয়, কিশোর গ্যাং, ছিনতাই ও চাঁদাবাজি চক্রের সঙ্গে ওসির আঁতাত রয়েছে। এবার সেই ওসিকে থানায় রাখতে মানববন্ধন করেছে মোহাম্মদপুরের মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের সদস্যরা।

সোমবার (২৮ জুলাই) জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও স্থানীয় কিশোর গ্যাং চক্রের সদস্যরা এ মানববন্ধন করে।

‎সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে টাউন হল জান্নাত হোটেলের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টদের অভিযোগ, ওসির অপসারণের জন্য বিক্ষোভ কর্মসূচির পরেও তিনি মামলা বাণিজ্য করছেন। ১০ লাখ টাকা মূল্যের হেরোইন জব্দ করা হলেও এ ঘটনায় কোনো মামলা হয়নি। মামলা না হওয়ায় ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে ব্রেকিংনিউজসহ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদও প্রচার হয়। এর জেরে মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যরা ওসির পক্ষে মানববন্ধন করে।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন ‎ইকবাল ওরফে কসাই ইকবাল, তিনি জেনেভা ক্যাম্পের ৬/২৪ রোডে একটি মাদক স্পট পরিচালনা করেন। জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বিল্লাল ইকবালের আপন বড় ভাই। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মাদক মামলা আছে।

আরও উপস্থিত ছিলেন মমতাজ আশরাফী নামে একজন। যিনি জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেল ওরফে বুনিয়া সোহেলের ছোট ভাই কাল্লুর আপন চাচা শ্বশুর। অভিযোগ রয়েছে, জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের সকল মাদক কারবার তিনি দেখভাল করেন।

জেনেভা ক্যাম্পের আরেক শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম। তার শ্যালক খোকনও উপস্থিত ছিল মানববন্ধনে। তিনি জেনেভা ক্যাম্পের পাশে গজনবী রোডে লাকড়ির দোকানের পাশে ইয়াবা, হেরোইন, গাঁজা বিক্রি করেন। মানববন্ধনে ছিলেন আরেক শীর্ষ মাদক কারবারি ইরফান ওরফে চারকু ইরফান। তিনি জেনেভা ক্যাম্পের ৮ নম্বর সেক্টরের শীর্ষ মাদক কারবারি।

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিল রুবেল ওরফে ইয়াবা রুবেল, মাদক কারবারি সুমনের মা সকিনা ও বেচু ওরফে ল্যাংড়া বেচু।

‎এছাড়াও যোগ দিয়েছিল কিশোর গ্যাং সদস্যরাও। ‎মোহাম্মদপুরের ভয়ঙ্কর শীর্ষ কিশোর গ্যাং ‘কবজি কাটা গ্রুপ’ আনোয়ারের অন্যতম সহযোগী নবোদয় এলাকার রাকিব ওরফে হাত ভাঙা রাকিব মানববন্ধনে উপস্থিত ছিলেন। তিনি নবোদয় এলাকায় শীর্ষ কিশোর গ্যাং লিডার এলেক্স সুমনের ছোট ভাই। এছাড়া কবজি কাটা গ্রুপের সদস্য ফাহাদ ও নীরব নামে দুই কিশোর গ্যাং সদস্য মানবন্ধনে যোগ দিয়েছে।

মানববন্ধনে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি কাল্লুর চাচা শ্বশুর মমতাজ আশরাফী বলেন, ‘আমরা ওসি সাহেবের বিরুদ্ধে করা অপ্রপ্রচারের বিরুদ্ধে দাঁড়িয়েছি। পুলিশ আসলে জনগণের বন্ধু। তাকে শত্রু ভাবা যাবে না। তাদের কাজকর্মে যদি কোন ত্রুটি হয়, সেটা ওনারা তদন্ত করবে। জনগণ পুলিশের ব্যাপারে বানোয়াট কিছু করবে সেটা মেনে নেওয়া যাবে না। ওসি স্যার আমাদের জন্য অনেক কিছু করেছে।’

মানববন্ধনে অংশ নিয়ে ল্যাংড়া বেচু বলেন, ‘আমরা ওসি সাহেবের পক্ষে এখানে দাঁড়িয়েছি। ওসি স্যার ভালো লোক। আমরা সব সময় এ থানায় ওসি স্যারকে চাই। ’

হাতভাঙ্গা রাকিব বলেন, ‘আমরা চাই, ওসি স্যার সবসময় এ থানায় থাকুক। ’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ