ম্যানেজ ভোটের সরকার পিলখানা গণহত্যার বিচার করতে পারবে না: রাশেদ প্রধান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
ম্যানেজ ভোটের সরকার পিলখানা গণহত্যার বিচার করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
তিনি বলেন, ‘ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী ভারতে মুচলেকা দিয়ে দেশে প্রবেশ করেছেন। ম্যানেজ ভোটের স্বরাষ্ট্রমন্ত্রী শিলংয়ে ট্রেনিং নিয়ে দেশে এসেছেন। তাই ম্যানেজ ভোটের সরকার পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার করতে পারবে না। কারণ, পিলখানা গণহত্যার পেছনে ভারত এবং আওয়ামী নীলনকশা দায়ী।’
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে জাগপা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান আরও বলেন, ‘জাগপা ২০০৯ সাল থেকে দাবি করে আসছে পিলখানা গণহত্যা ভারত ও আওয়ামী লীগের নীলনকশা। অবশেষে অন্তর্বর্তী সরকারের রিপোর্টের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। ভাগ্যের নির্মম পরিহাস, অন্তর্বর্তী সরকার রিপোর্ট দিলেও বিচার কার্য শুরু করতে পারেনি। ম্যানেজ ভোটের সরকার বিএনপিও পারবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ ও সব গণহত্যার সুষ্ঠু বিচারের জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। মজলুম জনগণের সরকার গঠন করতে হবে।’
জাগপা প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজী মো. হাসমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম হাসু, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস. এম. জিয়াউল আনোয়ার, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী এবং যুব জাগপা সাধারণ সম্পাদক ইঞ্জি. সিরাজুল ইসলাম।
জনতার আওয়াজ/আ আ