যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের দায়িত্বে শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
স্বাভাবিক হতে শুরু করেছে ময়মনসিংহের জনজীবন। বৃহস্পতিবার (৮ আগস্ট) নগরের বাসস্ট্যান্ডগুলো থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
শহরের গাঙ্গীনারপাড় মোড় ছাড়াও নগরীর পাটগুদাম ব্রিজ মোড়, চরপাড়া ব্রিজ মোড়সহ প্রত্যেকটি মোড়ে মোড়ে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থী ও আনসার সদস্যরা। বাইক আরোহীদের হেলমেট পরা এবং যানবাহন চালকদের ট্রাফিক আইনসহ শৃঙ্খলা মেনে চলাচলের জন্য পরামর্শ দিচ্ছে শিক্ষার্থীরা। তারা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এক লেনে করে চলতে দেন। হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে কেউ এলে তাদের ট্রাফিক আইন অনুযায়ী হেলমেট পরে বের হওয়ার অনুরোধ করেন।
শিক্ষার্থী আশরাফুল আলম বলেন, শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা শিক্ষার্থীরা টিম করে কাজ করছি। সুন্দর স্বাভাবিক ময়মনসিংহ গড়তে আমরা কাজ করছি। চলাচলকারী অটোরিকশাগুলোকে শৃঙ্খলিতভাবে চলা এবং হেলমেট ছাড়া যারা মোটরসাইকেল চালাচ্ছেন তাদের হেলমেট পরে মোটরসাইকেল চালাতে অনুরোধ করা হচ্ছে। সবাই যদি সুশৃঙ্খলভাবে লাইন মেনে চলাচল করে তাহলে আমাদের দেশের ট্রাফিক জ্যাম অনেকটা কমে যাবে।
মাইনুল হক নামের আরেকজন শিক্ষার্থী বলেন, পুলিশ নিজেদের কাজ না করায় শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্ররা কাজ করছে। শহরের প্রতিটি পয়েন্টে সাধারণ শিক্ষার্থীরা কাজ করছেন, যেন ট্রাফিক নিয়ন্ত্রণে থাকে।
জনতার আওয়াজ/আ আ