যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছরকে শোকজ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছরকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। তিনি দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্যও।

রোববার বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে শোকজের চিঠি পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে একটি সূত্র নিশ্চিত করেছে।। জানা গেছে, কয়েকদিন আগে তার নিজ এলাকা সুনামগঞ্জে মোটর শোভাযাত্রা করে কর্মসূচি পালন করায় তাকে শোকজ করা হয়েছে।

এক যুগ পর গত ২০ অক্টোবর দেশে ফেরেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।

এর আগে গত ৮ সেপ্টেম্বর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয়সহ তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। এছাড়াও পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

দলটি বলেছে, যেহেতু বিএনপি জনসম্পৃক্ত একটি রাজনৈতিক দল, সেহেতু জনগণের সমস্যা হয়- এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে। জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, সব সাংগঠনিক জেলা ও মহানগর এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে দুই বার্তা দিয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের অধিনস্ত কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোনো ধরনের মোটরসাইকেল বহর ও কারসহ অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করতে হবে। এসব শোভাযাত্রার কারণে পাশ দিয়ে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতে ভয়ানক বিঘ্ন ঘটে। যে এলাকায় সাংগঠনিক সভা, কর্মিসভা অথবা জনসভা হয়, সেই এলাকায় ঊধ্বর্তন নেতাদের আগমন ঘটলেও শোভাযাত্রার কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়, যা কোনোভাবেই কাম্য হতে পারে না।’

চিঠিতে আরও বলা হয়, ‘ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে- ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রঙ-বেরঙের পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করতে। এটি অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থি। দলের অতি উৎসাহী কতিপয় নেতারা নিজেদের ছবি সংবলিত পোস্টার প্রকাশ করছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন। এহেন পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ