যুক্তরাষ্ট্রের সাথে ঢাকার খুব ভালো সময় কাটবে : মোমেন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সাথে ঢাকার খুব ভালো সময় কাটবে : মোমেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৩, ২০২৩ ১০:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৩, ২০২৩ ১০:৩৫ অপরাহ্ণ

 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদের আসন্ন সফরকে স্বাগত জানাচ্ছে। কারণ ঢাকা বিভিন্ন বিষয়ে ওয়াশিংটনের সাথে আরো বেশি সম্পৃক্ত হতে চায়।

সোমবার (৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সাথে অব্যাহত সম্পৃক্ততাকে স্বাগত জানাই। আমাদের লুকানোর কিছু নেই। আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের সাথে আমাদের খুব ভালো সময় কাটবে।’

পররাষ্ট্রমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ সরকার একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে মার্কিন প্রতিনিধিদল নির্বাচনের বিষয়ে পরামর্শ দিলে ঢাকা স্বাগত জানাবে।
তিনি বলেন, নির্বাচনের বিষয়ে তাদের কোনো উজ্জ্বল ধারণা থাকলে আমরা তা পছন্দ করতে পারি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা দূর করতে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের আরো সম্পৃক্ততা প্রয়োজন।

ড. মোমেন বলেন, অজ্ঞতার কারণে এবং একটি স্বার্থান্বেষী মহলের দেয়া কিছু ভুল তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তিনি বলেন, ঢাকা র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ওয়াশিংটনকে অনুরোধ করেছে এবং জবাবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে একটি প্রক্রিয়া অনুসরণ করতে বলেছে।

তিনি আরো বলেন, আমরা প্রক্রিয়া অনুসরণ করছি।

পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির বিষয়ে মন্তব্য করে বলেন, আওয়ামী লীগ নতুন নীতি নিয়ে মোটেও চিন্তিত নয়। ‘শুধুমাত্র তারাই চিন্তিত, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়ে আগ্রহী।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন,‘তারা (মার্কিন) বাংলাদেশকে হারাতে চায় না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি চীনের দিকে ঝুঁকতে পারে এমন একটি ধারণা রয়েছে। কিন্তু ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক নির্ধারিত সবার সাথে বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়’ এই নীতি অনুসরণ করে ‘নিরপেক্ষভাবে’ পররাষ্ট্র নীতি বজায় রেখেছে।

যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আসবেন এবং তৃতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের ইকোনমিক গ্রোথ, এনার্জি এবং এনভায়রনমেন্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জোসে ফার্নান্দেজ এখানে আসার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু চার দিনের সফরে উজরা জেয়ার সাথে থাকবেন বলে কথা রয়েছে।

সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ