যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে জ্বালানির দাম বাড়াতে হবে: ড. ম তামিম - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে জ্বালানির দাম বাড়াতে হবে: ড. ম তামিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৪, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৪, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জ্বালানি সংকট মোকাবেলায় করণীয় নিয়ে ছায়া সংসদে অংশগ্রহণকারী বিতার্কিকদের সঙ্গে ড. ম তামিম ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ও বিচারকরা। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে জ্বালানির দাম বাড়াতেই হবে, দীর্ঘ দিন ভর্তুকি দিয়ে জ্বালানির চাহিদা পূরণ করা সরকারের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ম তামিম।

শনিবার (৪ এপ্রিল) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে জ্বালানিসংকট মোকাবেলায় করণীয় নিয়ে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. ম তামিম বলেন, অতীতে অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ব্যবস্থা উপেক্ষা করে ব্যক্তি ও দলীয় স্বার্থ বিবেচনায় আমদানি নির্ভরতা বাড়ানো হয়েছে। ফলে বিশ্ব জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় আমদানিকারক দেশ হিসেবে আমরা সংকটে পড়েছি। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আগের নীতি সংশোধন প্রয়োজন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সংকট শুরুর আগে আমাদের মাত্র দুই দিনের জ্বালানি মজুত ছিল। তখন কোনো আতঙ্ক তৈরি না হলেও এখন ৭ থেকে ১৫ দিনের মজুদ থাকার পরেও প্যানিক সৃষ্টি হচ্ছে। আতঙ্কিত হয়ে মানুষ চাহিদার চেয়ে বেশি পেট্রোল, অকটেন কিনছেন। অথচ দেশে বড় সংকট হওয়ার কথা ডিজেল নিয়ে।

এই জ্বালানি বিশেষজ্ঞ বলেন, অতীতে সরকার জ্বালানি মজুত ও সরবরাহ নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার কারণে বর্তমানে জনগণ সরকারি তথ্য বিশ্বা করতে চাচ্ছে না। পাকিস্তানে বাংলাদেশের দ্বিগুণ মূল্যে জ্বালানি বিক্রি হচ্ছে। বাংলাদেশে জ্বালানির দাম বাড়ানো হলে ব্যাপক মুদ্রাস্ফীতির আশঙ্কা রয়েছে। তবে দীর্ঘদিন ভর্তুকি দিয়ে জ্বালানি চাহিদা পূরণ করা সরকারের পক্ষে সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে জ্বালানির মূল্য বাড়াতেই হবে।

তিনি আরও বলেন, বিপিসি বিগত সময়ে প্রতি বছর তিন হাজার কোটি টাকার নিচে মুনাফা করেনি। সেই হিসেবে গত ১০ বছরে ৩০ হাজার কোটি টাকা প্রফিট করেছে। দুর্ভাগ্য হচ্ছে বিপিসি মুনাফার এই টাকা বিপদের জন্য না রেখে অন্যত্র ব্যয় করেছে। সরকার সেই টাকা অন্য খাতে নিয়ে নিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে “অভ্যন্তরীণ ব্যবস্থা জোরদারের মাধ্যমেই জ্বালানি সংকট মোকাবেলা সম্ভব” শীর্ষক ছায়া সংসদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিকে পরাজিত করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র বিতার্কিকরা বিজয়ী হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক রিজভী নেওয়াজ, সাংবাদিক রিশান নসরুল্লাহ, সাংবাদিক আতিকুর রহমান ও সাংবাদিক জাফর ইকবাল।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ