যুবদল নেতার উপর হামলা কব্জি বিচ্ছিন্ন প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুলাই ১৪, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুলাই ১৪, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলা পাগলাকানাই এলাকায় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য লিটন মিয়ার উপর হামলা হয়েছে। হামলায় তার হাতের একটি কব্জি বিচ্ছন্ন হয়ে গেছে। এছাড়া তার দুই পা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। লিটন মিয়া বাড়িবাথান গ্রামের রেজাউল মন্ডলের ছেলে। তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সন্ত্রাসীরা এই হামলা চালায়। হামলার প্রতিবাদে ঝিনাইদহ জেলা বিএনপি তাৎক্ষনিক শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। ঝিনাইদহ জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লিটন মিয়া বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিল। এ সময় ফকিরাবাদ গ্রামের রাজন কসাইয়ের নেতৃত্বে একদল সন্ত্রাসী লিটন মিয়াকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। হামলায় তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক অভিযোগ করেন, লিটন বাড়িবাথান গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে শহরে আসছিলেন। পাগলাকানাই ইউনিয়ন পরিষদ অফিসের সামনে পৌঁছালে যুবলীগের রাজনের নেতৃত্বে একদল যুবলীগ ক্যাডার তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার এক হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকাতে পাঠানো হয়। এ ঘটনার প্রতিবাদে যুবদল শুক্রবার ঝিনাইদহ শহরে বিক্ষোভ কর্মসুচির ডাক দিয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, রাজনের নেতৃত্বে¡ লিটনের উপর হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
জনতার আওয়াজ/আ আ