যুবসমাজকে বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত করাই লক্ষ্য : আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
কেবল চাকরিপ্রার্থীই না, দেশের যুবসমাজকে দেশীয় ও বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত করাই আমাদের লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
এ সময়ে ডিজিটাল জব-ম্যাচিং প্ল্যাটফর্ম, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কর্মসংস্থান সমাধান এবং বাংলাদেশের বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম অনলাইন ফ্রিল্যান্সার সরবরাহকারী হিসেবে ৫০০ মিলিয়নের বেশি মার্কিন ডলারের আয়ের কথা উল্লেখ করেন তিনি।
বুধবার (২৯ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে (জিএলএমসি) বাংলাদেশের যুব কর্মসংস্থান উন্নয়ন ও আন্তর্জাতিক শ্রম সহযোগিতা শক্তিশালীকরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন উপদেষ্টা।
বিশ্বের ১০০টিরও বেশি দেশের নীতিনির্ধারক, শিল্প নেতৃবৃন্দ, গবেষক, উদ্ভাবক এবং শ্রম বিশেষজ্ঞরা কনফারেন্সের দ্বিতীয় সংস্করণে একত্রিত হন। এই সম্মেলন শ্রম বাজারের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ এবং মূল চ্যালেঞ্জ মোকাবিলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
এ সময়ে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) সাফল্য তুলে ধরেন আসিফ নজরুল, যার মাধ্যমে ইতোমধ্যে আইটি, স্বাস্থ্যসেবা ও উৎপাদন শিল্পসহ বিভিন্ন খাতে দু’লাখের বেশি যুবক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণপ্রাপ্তদের ৭০ শতাংশ মাত্র ছয় মাসের মধ্যে কর্মসংস্থান পেয়েছেন, যা শিল্পভিত্তিক প্রশিক্ষণ ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের কার্যকারিতা প্রমাণ করে।
বাংলাদেশের টেকসই কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, শিক্ষা ও শিল্পের মধ্যে সংযোগ স্থাপন এবং প্রবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক অংশীদারদের সাথে সহযোগিতা আরো গভীর করার আশাবাদ ব্যক্ত করেন আসিফ নজরুল।
সম্মেলনের ফাঁকে কাতারের শ্রমমন্ত্রী ড. আলি বিন সাঈদ বিন সামিখ আল মাররির সাথে বৈঠক করেন তিনি। কাতারে বাংলাদেশী শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান এবং ফিফা বিশ্বকাপ ২০২২-সহ বিভিন্ন বৃহৎ অবকাঠামো প্রকল্পে তাদের ভূমিকার স্বীকৃতি প্রদান করায় কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রম উপদেষ্টা।
সূত্র : ইউএনবি
জনতার আওয়াজ/আ আ