‘রাইতে ঘুমাইলে ডর লাগে’ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘রাইতে ঘুমাইলে ডর লাগে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ

 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নদী ভাঙনে সয়লাব ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর। ক্ষতিগ্রস্ত হয়েছেন উপজেলার নবীনগর পশ্চিম ইউপির চর লাপাং, দড়ি লাপাং ও চিত্রী গ্রামের বাসিন্দারা। ইতোমধ্যেই দুটি মসজিদ মেঘনা নদীর ভাঙনে বিলীন হয়েছে। শতাধিক ঘর-বাড়ি, খামার ও ফসলি জমি তলিয়েছে নদীর পানিতে। ভুক্তভোগীদের চোখে অসহায়ত্ব চাহনি, ভিটেমাটি হারিয়ে নিঃস্ব তারা। চান দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ। নয়তো মেঘনা নদীতে বিলীন হতে পারে বাকি গ্রামগুলোও।

নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত রফিয়া বেগম (৬০)। কোন এক রাতে যথারীতি খেয়ে ঘুমিয়েছিলেন। ঘুম ভাঙে পানির কলকল শব্দে। কিছু বোঝার আগেই দেখেন মেঘনায় ভেসে গেছে তার বসতভিটা। বিচলিত হয়ে পড়েন এ পৌঢ়া। তবে ততক্ষণে কিছুই করার ছিল না। বিছানাসহ পানিতে পড়ে যান। কোনো রকমে আত্মরক্ষা করলেও বাঁচাতে পারেননি সংসারের ‘লাকড়িও’।

ভিটেমাটি হারানো রফিয়া বেগম বলেন, ‘ঘুমের মইধ্যা ঘর ভাইঙ্গা গেছে গা পানিত। অহন আমরা কই গিয়া থাহুম।’

ওই এলাকার বাসিন্দা কমলা বেগম বলেন, ‘রাইতে ঘুমাইলে ডর লাগে। কুন সম জানি ভাইঙ্গা লইয়া ফরে।’

ভুক্তভোগী ইদ্রিস মিয়া বলেন, প্রত্যেক বছর ভাঙ্গে, এই পর্যন্ত ছয়বার জাগা পালডাইছি।

মঙ্গলবার (৯ জুলাই) নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন নবীনগর উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, ইউএনও মো. তানভীর ফরহাদ শামীম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মেহেদী হাসান, নবীনগর পশ্চিম ইউপি চেয়ারম্যান মো. নুর আজ্জম।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ ও অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন তারা। পাশাপাশি স্থায়ীভাবে নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমেদ বলেন, ফয়জুর রহমান বাদল এমপি সাহেবের নির্দেশনায় আমরা দ্রুততার সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছি। তাদের জন্য ত্রাণসহ বাসস্থানের ব্যবস্থার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি।

ইউএনও মো. তানভীর ফরহাদ শামীম বলেন, স্থায়ীভাবে ভাঙন রোধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছি। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার চেষ্টা করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ