রাউজানে অস্ত্রধারীদের মুহুর্মুহু গুলি, একজন গুলিবিদ্ধ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাউজানে অস্ত্রধারীদের মুহুর্মুহু গুলি, একজন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ ১২:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ ১২:৫০ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম প্রতিনিধি

রাউজানে দ্বিতীয় রাজধানী খ্যাত বাণিজ্যিক এলাকা নোয়াপাড়া পথের হাটে হঠাৎ মুহুর্মুহু গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাউজান নোয়াপাড়া পথের হাট এলাকায় এ ঘটনা ঘটে। মুহুর্মুহু গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটাছুটি করে লোকজন। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে যে যেদিকে পেরেছেন নোয়াপাড়া ত্যাগ করেছেন।

১৫-২০ মিনিটের মধ্যে পুরো জনশূন্য হয়ে পড়ে নোয়াপাড়া পথেরহাট। গুলির ঘটনায় গুলিবিদ্ধ হন উপজেলার ফরিদ উদ্দিন (৫৬) নামে এক ব্যক্তি। তাকে প্রথমে নোয়াপাড়া পথেরহাটের কসমিক হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুলিবিদ্ধ ফরিদ রাউজানের বদুমুন্সিপাড়া এলাকার বাসিন্দা।

তিনি রাউজান বিএনপির বিবদমান একটি গ্রুপের সদস্য।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা নোয়াপাড়া বসে কথা বলছিলাম। হঠাৎ গোলাগুলির শব্দ পেয়ে আমরা দৌঁড়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যাই। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা কেউ আঁচ করতে পারেনি।

জানা যায়, শনিবার সন্ধ্যায় ৮/১০ জনের একটি দল পথেরহাটে (চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ওপর) অবস্থান নিয়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এসময় বাজারের আতঙ্কিত ব্যবসায়ীরা হুড়াহুড়ি করে দোকান বন্ধ করে দেয়। কিছুক্ষণের জন্য সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। প্রায় ১৫ থেকে ২০ মিনিট এমনকাণ্ড ঘটিয়ে অস্ত্রধারীরা ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে।

শনিবার রাত সোয়া ৮টায় রাউজান থানার পরিদর্শক (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা গোলাগুলির ঘটনার তথ্য পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

এখন পথে আছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ঘটনাস্থল পরিদর্শনে আসা রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির শনিবার রাত সাড়ে ৯টায় সাংবাদিকদের বলেন, ‘ঘটনাস্থলে আছি। বাজারের লোকজনের সঙ্গে কথা বলছি। গোলাগুলির ঘটনা সঠিক। পরে বিস্তারিত জানানো হবে। তবে স্থানীয় অনেকে জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনাটি ঘটতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ