রাখাইন রাজ্যে মানবিক করিডরের সিদ্ধান্ত স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ’ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাখাইন রাজ্যে মানবিক করিডরের সিদ্ধান্ত স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
মিয়ানমারের রাখাইন রাজ্যে যোগাযোগের জন্য ‘মানবিক করিডর’ দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের নেতারা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীতে এক জরুরি সভায় তারা এ আশঙ্কা প্রকাশ করেন।

সভায় জোটের নেতারা বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশের চট্টগ্রাম দিয়ে মানবিক করিডর নির্মাণের প্রস্তাব করা হয়েছে। তবে, এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা। তারা অভিযোগ করেন, সরকার এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে, যা ভবিষ্যতে দেশের জন্য বড় সংকট তৈরি করতে পারে।

নেতারা আরও বলেন, “মানুষের মানবিক সহায়তার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই এবং জাতিসংঘের উদ্যোগকেও আমরা সমর্থন করি। তবে এত বড় একটি সিদ্ধান্ত অবশ্যই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত।”

১২ দলীয় জোটের নেতারা সতর্ক করে বলেন, “আমরা আরেকটি গাজায় পরিণত হতে চাই না। রোহিঙ্গা সংকটের মতো আরেকটি বড় সংকটে জড়িয়ে পড়া উচিত হবে না। রাখাইন অঞ্চলে মানবিক করিডর চালু হলে নিরাপত্তা, আর্থিক চাপ এবং আঞ্চলিক রাজনীতিতে জটিলতা সৃষ্টি হতে পারে।”

তারা আরও উল্লেখ করেন, রাখাইন রাজ্যের প্রায় ৯০ শতাংশ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে গেলেও রোহিঙ্গাদের উচ্ছেদ বন্ধ হয়নি। ফলে বোঝা যাচ্ছে, শুধু মিয়ানমার জান্তাই নয়, আরাকান আর্মির মধ্যেও রোহিঙ্গাবিদ্বেষ রয়েছে। এ অবস্থায় নতুন করে মানবিক করিডর চালুর মাধ্যমে রোহিঙ্গা অনুপ্রবেশ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান জনাব শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজটের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন, প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপি’র চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ মান্নান, বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটু, কল্যান পার্টির মহাসচিব আবু হানিফ, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, নয়া গণতান্ত্রিক পার্টির মহাসচিব ইমরুল কায়েস প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ