রাজধানীতে জামায়াতের সমাবেশ কাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ৩১, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ৩১, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আগামীকাল মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াত। দুই মহানগরী দফায় দফায় করছে নানা বৈঠক। জনসাধারণের অংশগ্রহণ বাড়াতে বিতরণ করছে প্রচারপত্র। গঠন করেছে সমাবেশ বাস্তবায়ন উপকমিটি, সমন্বয় কমিটি ও অন্যান্য প্রয়োজনীয় কমিটি।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আলেম ওলামা ও জামায়াত আমীরের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে এই সমাবেশ করতে যাচ্ছে দলটি।
সমাবেশের জন্য ডিএমপির অনুমতি প্রসঙ্গে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান বলেন, ‘আমরা সমাবেশের বিষয়ে অবহিত করেছি। আশা করছি পুলিশ আমাদের সহযোগিতা করবে।’
এর আগে গত ২৪ জুলাই দলটির ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান তিন দফা দাবি আদায়ে একাধিক কর্মসূচি ঘোষণা করেন। গত ২৮ জুলাই দেশের সব মহানগরীতে বিক্ষোভ মিছিল করে দলটি। এরপর গত ৩০ জুলাই জেলা শহরগুলোতে একই দাবিতে মিছিল ও সমাবেশ করেছে দলটি।
জামায়াত নেতারা বলছেন, এসব কর্মসূচি পালনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে আবেদনও করা হয়েছে। তবে জামায়াতের এসব কর্মসূচি পালনে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতার পরিবর্তে বাধা দিয়েছে বলে অভিযোগ দলটির। বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তারা।
জামায়াতে ইসলামী গত ১০ জুন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশ করে। এবারও শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করতে মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড পর্যায়ে বৈঠক করে প্রস্তুতি নিয়েছে। দেশের নাগরিকদের মৌলিক অধিকার আদায়ে জামায়াতের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করার সামগ্রিক প্রস্তুতি নিয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, ১ আগস্টের সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। এই সমাবেশ নির্বিঘ্নে করার জন্য জামায়াত ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে সহযোগিতা চেয়ে আবেদন করেছে। নেতৃবৃন্দ আশা করছেন শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করতে আইনশৃঙ্খলা বাহিনী ১০ জুনের মতো সহযোগিতা করবে।
জনতার আওয়াজ/আ আ