রাজধানীতে ১২ দলের সমাবেশ : আছে নাশকতার শঙ্কা, দমনে প্রস্তুত ডিএমপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ২৬, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ২৬, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (২৭ জুলাই) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর অন্তত ১২টি স্থানে সমাবেশ করবে বিভিন্ন রাজনৈতিক দল। এক্ষেত্রে তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে অনুমতিও চেয়েছে এবং এরই মধ্যে কিছু দল অনুমতি এবং বিপরীত পরামর্শও পেয়েছে ডিএমপির কাছ থেকে।
কিন্তু, সপ্তাহের শেষ দিন, তার উপর এতগুলো স্থানে একই দিনে এতগুলো দলের সমাবেশ ঘিরে নাশকতার শঙ্কা উড়িয়ে দিচ্ছে না আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এই প্রসঙ্গে কথা বলেছেন ব্রেকিং নিউজের সঙ্গে। তিনি জানিয়েছেন, ডিএমপি প্রস্তুত আছে। কিন্তু বৃহস্পতিবার সপ্তাহের শেষ ওয়ার্কিং ডে। এতগুলো রাজনৈতিক দলকে একসঙ্গে সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়। কোন কোন দল সমাবেশের অনুমতি পাবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে। এত দলের কর্মসূচি একইদিনে, নাশকতার শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নানা ধরনের লোকজন আসবে। কারণ আমাদের অতীতের ইতিহাস তো ভালো নয়।
এছাড়া, ডিএমপির গোয়েন্দা বিভাগের একাধিক কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, তাদের মূল নজর থাকবে তিনটি রাজনৈতিক দলের সমাবেশে। দল তিনটি হলো- বিএনপি, যুবলীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
কমিশনার জানান, অন্তত ৩০ হাজার পুলিশ সদস্য কাল একযোগে বিভিন্ন স্থানে মোতায়েন থাকবেন। বিশৃঙ্খলা ও নাশকতার ঘটনা যাতে না ঘটে সেজন্য গোয়েন্দা সংস্থাগুলোর সার্ভিয়েলেন্স বাড়ানো হয়েছে। সাদা পোশাকে তারা মোতায়েন থাকবেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এই বিষয়ে বলেছেন, বিশৃঙ্খলা মোকাবিলায় ডিএমপির জলকামান, সাঁজোয়া যান, র্যাকার গাড়ি প্রস্তুত থাকবে। চেক পোস্টগুলোয় সক্রিয় তল্লাশি ও নজরদারি থাকবে। যানজট তৈরি হবেই, তা ধরে নিয়ে বিকল্প রুটগুলো সচল রাখার আগাম প্রস্তুতি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপি প্রধান এবং এই কর্মকর্তা দুজনই বলেছেন, পুলিশের সকল প্রস্তুতি আছে। যারা নাশকতার চেষ্টা বা বিশৃঙ্খলা করবে তাদের খুঁজে বের করে কঠোরভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে।
জনতার আওয়াজ/আ আ