রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের সমাবেশ চলছে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের সমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৭, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৭, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ

 

রাজধানীর নয়াপল্টনে ছাত্র সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ করছে ছাত্রদল। পূর্বঘোষিত এ সমাবেশ দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তবে দুপুর সাড়ে ১২টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা নয়াপল্টনে আসা শুরু করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের এই সমাবেশে রাজধানীর বিভিন্ন ইউনিটের পাশাপাশি ঢাকার আশপাশের জেলা থেকেও সংগঠনের নেতাকর্মীরা এসেছেন।

সরেজমিনে দেখা গেছে, নয়াপল্টনে সড়ক বন্ধ হওয়ায় রাজধানীর শান্তিনগর, কাকরাইল মোড়, পুরানা পল্টনের বিজয়নগর, দৈনিক বাংলা ও ফকিরাপুল এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ছাত্রদলের এই সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ উপলক্ষে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশে আগত ছাত্রদলের নেতাকর্মীরা মূলত নয়াপল্টন এলাকায় দক্ষিণ পাশের সড়কে অবস্থান নিয়েছেন। তবে আগত নেতাকর্মীদের কেউ কেউ উত্তর দিকের সড়কেও অবস্থান নিয়েছেন।

ছাত্রদলের এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করছেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। সঞ্চালনায় রয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ