রাজধানীসহ সব মহানগরে বিএনপির পদযাত্রা আজ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীসহ সব মহানগরে বিএনপির পদযাত্রা আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ১২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ১২:৩৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ঢাকাসহ দেশের সব মহানগরে আজ মঙ্গলবার (২৩ মে) পদযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের ১০ দফাসহ দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও অন্যান্য জনগুরুত্বপূর্ণ দাবিতে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

এর আগে গত ১৭ মে ঢাকার দুই স্থানে একই দাবিতে পদযাত্রা করেছে তারা। এদিকে বিএনপির এই কর্মসূচির দিন রাজধানীতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

সোমবার (২২ মে) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, মঙ্গলবার ঢাকাসহ অন্যান্য মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। ঢাকার বাইরে মহানগরগুলোতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

বিএনপির কেন্দ্রীয় দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রাটি গাবতলীর বাগবাড়ী আইএফআইসি ব্যাংকের সামনে শুরু হবে। এটি সেখান থেকে টেকনিক্যাল ও কল্যাণপুর বাসস্ট্যান্ড হয়ে শ্যামলী শিশুমেলার বাম পাশ দিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে দিয়ে ৬০ ফিট রাস্তা পর্যন্ত যাবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রাটি ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল থেকে শুরু হবে। এটি সাতমসজিদ রোড, রাইফেল স্কয়ার হয়ে ঢাকা সিটি কলেজ, সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদ পর্যন্ত যাবে। এতে প্রধান অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

দুটি পদযাত্রাই বেলা আড়াইটায় শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। দলটি একই দাবিতে চার পর্বে সারাদেশের সব জেলা ও মহানগরে জনসমাবেশের কর্মসূচিও দিয়েছে। এরই মধ্যে দুই পর্বে ৪৫ সাংগঠনিক জেলায় এ কর্মসূচি পালন করেছেন তারা। এতে বিভিন্ন জেলায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

গণতন্ত্র মঞ্চের পদযাত্রা
মঙ্গলবার (২৩ মে) যুগপৎ আন্দোলনে বিএনপির মিত্র জোট গণতন্ত্র মঞ্চও পদযাত্রা করার ঘোষণা দিয়েছে। মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য আকবর খান জানান, পদযাত্রাটি সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে শুরু হবে। শেষ হবে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে।

রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশ
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ ঘোষণা দিয়েছে দলটি। সোমবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বেলা ৩টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। সমাবেশ সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

একই ইস্যুতে রাজধানীর উত্তর ও দক্ষিণে সোমবার পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এছাড়া সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ রাজধানীসহ সারাদেশে পৃথক কর্মসূচি পালন করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ