রাজনাথ সিংকে জয়নুল আবদিনের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে হুঁশিয়ারি দিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনি হিন্দুস্থানের রাজা হতে পারেন, কিন্তু বাংলাদেশের কিছুই না। বাংলাদেশ নিয়ে কটুক্তি করবেন এ দেশের জনগণ এটা মেনে নেবে না।
সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে ‘খুনি হাসিনার দোসররা এখনো রাষ্ট্রীয় গুরুত্বপুর্ণ পদে বহাল এবং দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট হোতাদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি’তে এক অবস্থান কর্মসূচি পালন হয়।
ফারুক বলেন, তিনি (হাসিনা) বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছিল। অসংখ্য মায়ের বুক খালি করেছে। ইলিয়াস আলী চৌধুরী আলমসহ অসংখ্য বিএনপি নেতাকে গুম করেছে সেই শেখ হাসিনা আজ আর নেই। ভারতে পালিয়ে গেছে। তাই আজ আমরা স্বাধীন। স্বাধীনভাবে কথা বলতে পারি।
তিনি বলেন, আজ শেখ হাসিনা নেই। তারপরও কেন আমাদের রাজপথে দাঁড়াতে হবে? কারণ আমাদের ভয় হয়। শেখ হাসিনার ১৬ বছরের শাসনে বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। গরিব দুঃখীর পেটে লাথি মেরেছে। তার দোসর বিভিন্ন জায়গায় এখনো প্রতিষ্ঠিত। তারা আবার ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তাই অন্তর্বর্তী সরকারকে বলবো তারা যেন আবার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষদেরকে শোষণ না করে।
বিরোধীদলের সাবেক এই চিফ হুইপ বলেন, হিন্দুস্থানের প্রতিরক্ষা মন্ত্রী আপনি হিন্দুস্থানের রাজা হতে পারেন। কিন্তু বাংলাদেশের কিছুই না। আপনি বাংলাদেশ নিয়ে কটুক্তি পূর্ণ কথা বলবেন বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। পূর্বে কখনো মানেনি এখনো মানবে না। আপনি বাংলাদেশকে বাজারে রূপান্তরিত করবেন সেটা হবে না। আপনি এটা শেখ হাসিনার গোলামের সরকার পাননি। এটা কিন্তু আবু সাঈদের রক্তের সরকার। ছাত্র-জনতা গণআন্দোলনের সরকার। এ সরকারকে অবহেলা করার কিছু নেই।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্ন অধিদফতর, মন্ত্রণালয়ে স্বপদে বহাল আছে। তারা এখনো থাকে কি করে। অবিলম্বে তাদের ব্যবস্থা করুন।
এতে উপস্থিত ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, মোটরচালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন বাঁকাউল প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ