রাজনিতি পরিচয়ে আর কোনো চাকরি হবে না: শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আওয়ামী লীগ-বিএনপি পরিচয়ে আর কোনো চাকরি হবে না। চাকরি হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। আওয়ামী লীগের আমলে লাখ লাখ টাকা ঘুষ দিয়েও একটা সরকারি চাকরি পাওয়া যায় নাই। কারণ রক্তে আওয়ামী লীগ ছিল না, তাই চাকরি হয় নাই। ওই সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে।’
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকার ফরিদপুরের সালথা উপজেলার জোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, ‘আওয়ামী লীগের আমলে শিক্ষাকে ধ্বংস করা হয়েছে। বিনা ভোটের এমপিরা হাজার হাজার কোটি টাকার মাদকের ব্যবসা করে যুবসমাজকে ধ্বংস করে দিয়েছে।
যুবসমাজকে মাদকের দিকে ঢেলে দিয়ে নিজেরা হাজার হাজার কোটি টাকা বানিয়ে পাচার করেছে। তারা আমাদের ছেলেমেয়েদের শিক্ষার কোনো উন্নয়ন করে নাই।’
তিনি বলেন, ‘ফ্যসিবাদের আমলে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ একের পর এক হত্যাযজ্ঞ চালিয়েছে। ত্রাস সৃষ্টি করেছে।
বুয়েট থেকে শুরু করে সব শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের মূল হচ্ছে এই ছাত্রলীগ, যাকে এখন নিষিদ্ধ করা হয়েছে।’
শামা ওবায়েদ আরো বলেন, ‘আগামী নির্বাচনে জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে শিক্ষার মান উন্নয়নে কাজ করা হবে। সালথা ও নগরকান্দার প্রত্যেকটি বিদ্যালয়ে সংস্কার করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলা হবে।’
সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দীকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান লাবলু, সাধারণ সম্পাদক সাইফুর মুকুল, সালথা উপজেলা বিএনপির সহসভাপতি শাহীন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ