রাজনৈতিক চালচিত্র কুটনীতিকদের ব্যাখ্যা করেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ২, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ২, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
দেশের সাম্প্রতিক রাজনৈতিক চালচিত্র ঢাকায় অবস্থানরত বিদেশী কুটনীতিকদের কাছে ব্যাখ্যা করেছে বিএনপি। বুধবার (২ আগস্ট) বিকালে গুলশানের হোটেল লেকশোরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ব্রিফিং করেন।
ঘন্টাব্যাপী ব্রিফিংর পর বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আজকে বিষয়টা ছিলো ব্রিফিং। বিশেষ করে বর্তমান রাজনৈতিক ঘটনাবলী, কি ঘটছে… ২৯ তারিখের আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার ও সরকারি দলের অস্ত্রধারী সন্ত্রাসীদের যে যৌথ কর্মকান্ড, মিথ্যা মামলা, গ্রেফতার ইত্যাদি বিষয়গুলো আমরা বলেছি। বাংলাদেশে যারা গণতন্ত্র বিশ্বাস করে, গণতন্ত্র দেখতে চায়, গণতান্ত্রিক অর্ডার দেখতে চায়, মানবাধিকার দেখতে চায় তাদের জানা দরকার। এ কথাগুলো আমরা আগে প্রেস ব্রিফিংয়ে বলেছি। আজকের ডিপ্রোমেটিক ব্রিফিংয়ে এই কথাগুলো বলেছি।’
তিনি বলেন, ‘কারণ ওরা জানতে চায় কি হচ্ছে বাংলাদেশে? নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে যে পথে চলছে… ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে… বিচার বিভাগকে ব্যবহার করা, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করা… প্রতিনিয়ত হচ্ছে।’
খসরু বলেন, যত ঘটনা ঘটবে আমরা আপনাদের কাছে তুলে ধরব, সকলকে বলব। ২৮ ও ২৯ জুলাই যথাক্রমে ঢাকায় বিএনপির মহাসমাবেশ ও প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে পুলিশ ও সরকারি বাহিনীর সন্ত্রাসী হামলা, গ্রেফতার, নির্যাতনের ঘটনাও কুটনীতিকদের বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, এই ধরনের আক্রমণ, গ্রেফতার, যাদের আহত করা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা, অনেকে বিদেশে আছে, অনেকে হজে আছে তাদের বিরুদ্ধে মামলা… উদ্দেশ্যটা তো বুঝাই যাচ্ছে। তাদের টার্গেট হচ্ছে আবার ভয়-ভীতি দেখিয়ে একটা নির্বাচনী কৌশলে ভোট চুরি করে আবার ক্ষমতা দখল করা।
আপনাদের বক্তব্যের পর বিদেশী কুটনীতিকরা কি বলেছেন জানতে চাইলে আমির খসুর বলেন, ‘আমরা তো সার্বিক পরিস্থিতি ব্রিফ করেছি। উনাদের বলার বিষয় নয়।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশে ও দেশের বাইরে এদের (এই সরকার) অধীনে যে নির্বাচন হবে না… এটা পরিস্কার হয়ে গেছে। সেজন্য তো নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথাটা এসেছে।’
গুলশানে হোটেল লেকশোরে বিকাল ৪টায় থেকে ঘন্টাব্যাপী এই রুদ্ধ্রদ্বার বৈঠক হয়। বৈঠকে কুটনীতিকদের কাছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ২৮ জুলাই ঢাকায় মহাসমাবেশ, ২৯ তারিখ ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচিতে পুলিশ ও সরকারি দলের হামলা, গুলিবর্ষন, কাঁদুনে গ্যাস নিক্ষেপ, মামলা-গ্রেফতারের নানা ঘটনা তুলে ধরা হয়।
বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানী, জাপান, চীন, রাশিয়াসহ ২৫ টি দেশে কুটনীতিকরা অংশ নেন।
বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য এনামুল হক চৌধুরী, শামা ওবায়েদ, আসাদুজ্জামান আসাদ, নওশাদ জমির, অনিন্দ্য ইসলাম অমিত, তাবিথ আউয়াল, ইশরাক হোসেন, নজরুল ইসলাম আজাদ, ফাহিমা নাসরিন মুন্নী, রুমিন ফারহানা, ফারজানা শারমিন পুতুল প্রমূখ উপস্থিত ছিলেন।
বৈঠকটি রুদ্ধদ্বার হওয়ায় হোটেলে প্রবেশাধিকারে কড়াকড়ি ছিলো। গণমাধ্যমের সাংবাদিকরাও হোটেলে বাইরে অবস্থান করে।
জনতার আওয়াজ/আ আ