রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসছেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫ ১:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫ ১:০১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।
এর আগে গত মঙ্গলবার ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকে ঠিক হবে জুলাই ঘোষণাপত্রে কী থাকবে। কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং সরকার কীভাবে এতে ভূমিকা রাখবে, সেটিও আজ জানানো হবে।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানিয়েছে, আজকের বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদ এবং নাগরিক কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক জোট, দল ও সংগঠনের নেতারা অংশ নেবেন।
এছাড়া, অভ্যুত্থানে ভূমিকা রাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) বামপন্থি অন্য দলগুলোকে বৈঠকে ‘আমন্ত্রণ জানানো হতে পারে’ বলে মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
তবে, গতকাল (বুধবার) রাত পর্যন্ত প্রধান উপদেষ্টার তরফে কোনো আমন্ত্রণ পাননি বলে জানান সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি জানান, বাম গণতান্ত্রিক জোটসহ অন্য বাম দলগুলোও কোনো আমন্ত্রণ পায়নি।
এদিকে, বুধবার (১৫ জানুয়ারি) রাতে প্রোক্লেমেশন জারি করার তারিখ ঘোষণা করতে কোনো প্রকারের কালক্ষেপণ ও গড়িমসি করলে দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।
জনতার আওয়াজ/আ আ