রাজশাহী সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র পদে মুরশিদ আলমের নাম ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ

আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই মধ্যে চার সিটিতে দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা দিয়েছে দলটি।
এর আগে তিন সিটিতে প্রার্থী ঘোষণার পর আজ বুধবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। রাজশাহী সিটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী।
আজ বুধবার রাজশাহী সিটিতে মেয়র পদে মুরশিদ আলমের নাম ঘোষণা দিয়ে তার হাতে হাতপাখা তুলে দেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
জানা গেছে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আছে ইসলামী আন্দোলনের। তবে আসন্ন পাঁচ সিটি নির্বাচনে জয় পেতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। মূলত গত ডিসেম্বরে রংপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ভোটের সংখ্যায় চমক দেখানোর পর দলের আস্থা আরও বেড়েছে। সেই লক্ষ্যেই পাঁচ সিটিতে নির্বাচনের তপশিল হলেও এরই মধ্যে চারটিতে দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাই পীর)।
ঈদের পর বরিশাল সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে বরিশাল সিটিতে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির প্রার্থী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে দলীয় সূত্র জানিয়েছে।
দলটির নেতারা বলছেন, এই সরকারের আমলে অতীতের কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। তবুও সরকারের শেষ কৌশল দেখার জন্যই তারা স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবশেষ রংপুর সিটিতে গত বছর ডিসেম্বরে যে নির্বাচন হয়েছে তাতে ইসলামী আন্দোলনের প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের কারণে নানামুখী জটিলতা তৈরি হয়। সেখানে প্রভাব খাটানোর অভিযোগও তোলা হয়। সুষ্ঠু নির্বাচন হলে ইসলামী আন্দোলনের প্রার্থীরা বিজয়ী হবেন এমনটিই প্রত্যাশা শীর্ষ নেতাদের। এ ছাড়া আসন্ন সিটি করপোরেশন নির্বাচনেও ইভিএম নয় ব্যালটে ভোট গ্রহণের দাবি জানায় সংগঠনটি।
খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচন কমিশনের (ইসি) তপশিল অনুযায়ী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটির ভোটগ্রহণ হবে।
তপশিল অনুযায়ী, গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ এপ্রিল, বাছাই ৩০ এপ্রিল ও ৮ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মে, বাছাই ১৮ মে ও মনোনয়নপত্র প্রত্যাহার ২৫ মের মধ্যে। রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, বাছাই ২৫ মে ও ১ জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
পাঁচ সিটির মধ্যে অন্য ৩টিতে ইসলামী আন্দোলনে মেয়র প্রার্থীরা হলেন গাজীপুর সিটিতে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সিলেট সিটিতে দলের সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা মাহমুদুল হাসান এবং খুলনা সিটিতে কেন্দ্রীয় নায়েবে আমির ও মহানগরীর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
জনতার আওয়াজ/আ আ