রাত আড়াইটায় ঋতুপর্ণাদের সংবর্ধনা দেবে বাফুফে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ৬, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ৬, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের মেয়েরা। এই অর্জন শুধু একটি ক্রীড়াসাফল্য নয়, এটি একটি জাতীয় গর্ব। একটি সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। কিন্তু এই গৌরব উদ্যাপনের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে যখন সংবর্ধনার সময় নির্ধারণ করা হয়েছে আজ রাত আড়াইটায়, রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে।
বাংলাদেশ নারী ফুটবল দল আজ মিয়ানমার সময় সন্ধ্যা ৭টায় রওনা হবে। মিয়ানমার থেকে থাইল্যান্ডে পৌঁছাবে রাত ৯টায়। থাইল্যান্ডে খানিকক্ষণ যাত্রাবিরতির পর মধ্যরাত দেড়টায় ঢাকায় পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত আড়াইটায় পুরো দল হাতিরঝিলে পা রাখবে।
বাংলাদেশ দলের অন্যতম প্রাণশক্তি ঋতুপর্ণা ও মনিকা চাকমা। তারা ভুটান লীগ খেলতে পরদিনই আবার ঢাকা ছাড়বেন। এর দুই দিন পর আরও তিন নারী ফুটবলার ভুটানের উদ্দেশে রওনা করবেন। সবমিলিয়ে পুরো দলকে একসঙ্গে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে আজ রাতেই আয়োজন করেছে বাফুফে।
সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করেছিল বাফুফে। সাত মাস পেরিয়ে গেলেও দেশের ফুটবলের অভিভাবক সংস্থা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। তাই এশিয়া কাপ নিশ্চিত হওয়া দলের জন্য এখনই কোনো আর্থিক অঙ্ক ঘোষণা করেনি ফেডারেশন।
জনতার আওয়াজ/আ আ