রাবিতে ভর্তি জালিয়াতি: ৪ ছাত্রলীগ নেতা সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাবিতে ভর্তি জালিয়াতি: ৪ ছাত্রলীগ নেতা সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২০, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২০, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি ও চাঁদা দাবির ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়সহ ৪ নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শনিবার (১৯ আগস্ট) রাতে সংগঠনের দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত হলেন- বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল শাখা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক রাজু আহমেদ, ছাত্রলীগ কর্মী মহিবুল মমিন সনেট ও শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মুশফিক তাহমিদ তন্ময় (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা), রাজু আহমেদ (যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, শের-ই বাংলা ফজলুল হক হল শাখা, রাবি), মহিবুল মমিন সনেট (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, শহীদ হবিবুর রহমান হল শাখা, রাবি) ও শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণকে (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, শের-ই বাংলা ফজলুল হক হল শাখা, রাবি) বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।

এর আগে, গত বৃহস্পতিবার ছাত্রলীগ নেতা তন্ময়সহ বহিষ্কৃত ৪ জনের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, অপহরণ ও ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ ওঠে। এরইপ্রেক্ষিতে গতকাল শুক্রবার তাদের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় দুইটি মামলা দায়ের করা হয়। যদিও ওইদিন সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করেছেন ছাত্রলীগ নেতা তন্ময়।

প্রসঙ্গত, ভর্তি পরীক্ষায় প্রক্সি জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছরের ৫ আগস্ট মুশফিক তাহমিদ তন্ময়কে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। পরে ৩ নভেম্বর সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ