রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির রূপরেখায় উদ্দীপ্ত বিভিন্ন দলের নেতারা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ৪:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ৪:১০ অপরাহ্ণ

রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা ঘোষণা করেছে বিএনপি। গত সোমবার দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এই রূপরেখা তুলে ধরেন। যেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ সরকার গঠনে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে ‹জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমত্যের সরকার› প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। পাশাপাশি সংবিধান সংস্কার কমিশন, রেইনবো নেশন প্রতিষ্ঠা, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনা, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পরপর দুই টার্মের বেশি দায়িত্ব পালন করতে না পারা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন, নির্বাচন কমিশন আইন সংশোধন, জুডিশিয়াল, প্রশাসনিক সংস্কার, মিডিয়া, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠনের কথা বলা হয়েছে।
বিএনপি ঘোষিত এই রূপরেখাকে যুগান্তকারী, ইতিবাচক হিসেবেই বিবেচনা করছে বিভিন্ন রাজনৈতিক দল। বিশেষ করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মেয়াদ ২ বার, কমিশন গঠন, নানাবিধ সংস্কারের বিষয়গুলো আকৃষ্ট করেছে তাদের।
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বিএনপি ঘোষিত ২৭ দফা রূপরেখার বিষয়ে বলেন, রূপরেখায় যুগান্তকারী কিছু বক্তব্য আছে। বিশেষ করে, দ্বিকক্ষ পার্লামেন্টের কথা, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবার, ৫টি কমিশন গঠনের কথা বলা হয়েছে। এগুলো যুগান্তকারী পদক্ষেপ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এগুলোর কারণে জনগণের মনে আস্থা বৃদ্ধি পাবে। ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ অনেক বেশি নিরাপদ ও উন্নতিশীল হবে।
গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখাটি খুব সময়োপযোগী এবং অত্যন্ত চমৎকার। সেখানে যেসব বিষয় বলা হয়েছে তার প্রত্যেকটা জিনিস খুব ভালো লেগেছে। তারা রূপরেখার মাধ্যমে যে ভিশন দিয়েছে তা দেশের জন্য, দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। অনেক কিছু তারা এখানে এনেছে যেটা দেশবাসী মনে করে করা খুব প্রয়োজনীয়।
গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা দলগতভাবে কতগুলো দফা ঘোষণা করেছি যার বেশকিছু বিএনপির রূপরেখার মধ্যে রয়েছে। আমরা তাদের রূপরেখাকে স্বাগত জানাই।
‘গণতন্ত্র মঞ্চের’ আরেক নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বিএনপির দেওয়া রূপরেখার বিষয়ে বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধান করতে হলে সরকার এবং শাসনব্যবস্থা উভয়েরই পরিবর্তন দরকার। বিএনপির মতো বড় দল যখন রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রস্তাব হাজির করে, তখন এটি রাজনীতিতে প্রধান আলোচ্য হয়ে যায়। এটি রাজনীতির জন্য ইতিবাচক।
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ২৭ দফা রূপরেখার প্রতি পুর্নসমর্থন ব্যক্ত করে ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব বলেন, গণতন্ত্রের বিকাশ লাভ এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ২৭ দফা রূপরেখা সময়োপযোগী পদক্ষেপ।
রাষ্ট্র কাঠামো মেরামতে বাংলাদেশ বিএনপির প্রস্তাবিত ২৭ দফা রূপরেখার পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।
জনতার আওয়াজ/আ আ