রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ১৪, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ১৪, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধিদল।
রবিবার (১৪ জুলাই) বেলা তিনটার দিকে তারা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেন। তাদের সঙ্গে পুলিশের কয়েকজন কর্মকর্তাও ছিলেন।
এর আগে বঙ্গভবনে প্রবেশ করতে তারা নাম লিপিবদ্ধ করেন। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে রওনা হন তারা। রাজধানীর গুলিস্তানের নূর হোসেন চত্বরে পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে এগিয়ে যান কোটার সংস্কারের দাবিতে আন্দোলনরতরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে হাজার হাজার শিক্ষার্থী বঙ্গভবনের দিকে এগিয়ে যান। এ সময় পুলিশ বাধা দিতে আসলেও তা উপেক্ষা করেই এগিয়ে যান আন্দোলনরতরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, সংসদে আইন পাসের এক দফা দাবিতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ১০ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি দেবে।
এর আগে দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ পদযাত্রা শুরু হয়। একইসঙ্গে আন্দোলনে থাকা ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ গণপদযাত্রায় অংশ নিয়েছেন।
প্রসঙ্গত, শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে গণভবন অভিমুখে গণপদযাত্রার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাছাড়া অন্যান্য জেলা থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়ার ঘোষণা দেন তারা।
জনতার আওয়াজ/আ আ