রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় সেনাপ্রধান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে তাঁর (সেনাপ্রধান) সাম্প্রতিক চীন সফরের বিষয়ে অবহিত করেন।

সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ বেলা ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। রীতি অনুযায়ী সেনাপ্রধান সরকারিভাবে বিদেশ সফরে গেলে ফেরার পর সেই বিষয়ে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে অবহিত করতে হয়।

সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও তা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে জানিয়েছে সূত্রটি।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই বৈঠকেও সেনাপ্রধান তাঁর চীন সফর সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

সেনাপ্রধান গত ২০ আগস্ট সরকারি সফরে চীনে যান। ২৮ আগস্ট পাঠানো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ আগস্ট রাতে সেনাপ্রধান দেশে ফেরেন। সফরকালে তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল শেন হুইসহ উচ্চপদস্থ চীনা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, সেনাপ্রধান গত রবিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেছিলেন। এই সাক্ষাতে আইনি ও অন্যান্য কিছু বিষয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ম ও রীতিমাফিক হয়েছে। বৈঠকগুলো সৌহার্দ্যমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। অনেকে এসব বৈঠক নিয়ে নানা জল্পনা ও বিভ্রান্তি তৈরি করছেন, সেগুলো পুরোটাই অমূলক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ