রাষ্ট্র এখন সর্বগ্রাসী সন্ত্রাসী রূপ ধারণ করেছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র এখন সর্বগ্রাসী সন্ত্রাসী রূপ ধারণ করেছে। জুলুমবাজ আওয়ামী সরকারের কোনো বৈধতা নেই বলেই সন্ত্রাসের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। মানুষের জানমালের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে। সরকারদলীয় সন্ত্রাসীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।
ফখরুল বলেন, প্রতিদিন শহর থেকে গ্রাম সবখানেই বিএনপিসহ সাধারণ মানুষের রক্তে হাত ভেজাচ্ছে তারা। তাদের অবৈধ অন্যায় কাজের বিরুদ্ধে কেউ যাতে মাথা উঁচু করে কথা বলতে না পারে সেজন্য তারা অস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে সবাইকে ভয় দেখানোর জন্য। আওয়ামী লীগ দেশে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে গিয়ে তারা তাদের বিরোধী লোকজনদের প্রাণ কেড়ে নিচ্ছে অথবা মিথ্যা মামলায় কারান্তরীণ করছে। এখন বিরোধী মত, মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা এবং জনগণের স্বাভাবিক চলাচল চরম হুমকির মুখে। সরকারের হিংস্ররূপী আচরণের জন্য দেশে-বিদেশে সর্বত্রই ধিকৃত হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, ২০১৮-এর মতো আরেকটি ভোট চুরির নির্বাচন করে তারা আবারো ক্ষমতায় যেতে চায় বলেই বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর দমননীতি কার্যকর করছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদারকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছে।
ফখরুল বলেন, গতকাল মঙ্গলবার নাটোরের লালপুর উপজেলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ নৃশংস হামলা ও গুলি চালিয়ে অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে। কিন্তু সেখানে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে উল্টো বিএনপি নেত্রী ফারজানা শারমিন পুতুলকে ১ নম্বর আসামি করে ইয়াসির আরশাদ রাজন, হারুনুর রশিদ পাপ্পু, গোলাম মোস্তফা তুহিন ও রহিম নেওয়াজসহ ৫৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০০/৩০০ জনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা করেছে।
এছাড়া দুর্বৃত্তরা গতকাল মঙ্গলবার খুলনা মহানগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শেখ রিয়াজ শাহেদ পারভেজ এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার মো. রফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালিয়ে গুরুতর আহত করেছে। তারা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি জয়নাল সরকারের ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। সন্ত্রাসীরা তার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এছাড়া সশস্ত্র সন্ত্রাসীরা মাটিরাঙ্গা বিএনপি কার্যালয়সহ জেলা বিএনপির সদস্য নুরুল আমিন নুরুর বাড়িঘর ও মাটিরাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ এবং উপজেলা বিএনপির সদস্য সাদ্দাম হোসেনের দোকান ভাঙচুর ও লুটপাট করেছে।
বিএনপি মহাসচিব বলেন, অবৈধ সরকার নিজেদের পতন আঁচ করতে পেরে এখন দিশেহারা হয়ে পড়েছে। এ কারণেই মিথ্যা মামলা, গ্রেপ্তার, নির্যাতন-নিপীড়ণ ও হামলা চালিয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের মনে ভীতির সঞ্চার করে আন্দোলন-সংগ্রাম দমন করতে চায়। কিন্তু এসব অপকর্ম করে কোনো লাভ হবে না। এরা বেআইনি ও অবৈধ সরকার। জনগণের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। বর্তমান সরকারকে প্রতিহত করার জন্য জনগণ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
বিএনপি মহাসচিব বিবৃতিতে অবিলম্বে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদারের নিঃশর্ত মুক্তির দাবি জানান। তিনি নাটোরের লালপুর উপজেলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।
জনতার আওয়াজ/আ আ