রিজার্ভ আছে সাড়ে ৪ মাসের: বাণিজ্য প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রিজার্ভ আছে সাড়ে ৪ মাসের: বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১, ২০২৪ ১০:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১, ২০২৪ ১০:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আইএমএফের নিয়ম অনুযায়ী আমাদের তিন মাসের রিজার্ভ থাকাই যথেষ্ট। আমাদের এখনো সাড়ে চার মাসের রিজার্ভ আছে।

শনিবার (১ জুন) বিকেলে টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা যদি বেশি করে রেমিট্যান্স পাঠান, রপ্তানি আয় যদি আরেকটু বাড়ে তাহলে আমরা অনেক এগিয়ে যাবো। বিদেশি বিনিয়োগ প্রয়োজন। আমাদের যে আমদানি রপ্তানির গ্যাপ রয়েছে, এই গ্যাপ পূরণের জন্য সরাসরি বিদেশি বিনিয়োগ দরকার। আমরা অনেক দেশ থেকে প্রতিশ্রুতি পেয়েছি। তারা বিনিয়োগ করলে আমরা অনেকটা চাপ মুক্তভাবে কাজ করতে পারবো।

আলুর মূল্যবৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বিশ্বের ৯৩টি দেশের মধ্যে বাংলাদেশে আলুর দাম কম। আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাজার মনিটরিং করা হচ্ছে।

এর আগে বেলুন উড়িয়ে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, আঞ্চলিক কার্যালয় বিসিক পরিচালক ও উপসচিব ড. আলমগীর হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল বিসিকের সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম। এবছর মেলায় মোট ৫৪টি স্টল অংশ নিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ