রেকর্ড গড়ে বাংলাদেশের সংগ্রহ পাহাড়সম রান - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রেকর্ড গড়ে বাংলাদেশের সংগ্রহ পাহাড়সম রান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ

 

সাকিব ও হৃদয় দুজনের সামনেই ছিল সেঞ্চুরির সুবর্ণ সুযোগ। তবে দুজনই ফিরেছেন নার্ভাস নাইন্টিজের ঘরে। আক্ষেপ নিয়ে এ দুই ব্যাটার সাজঘরে ফিরলেও অন্যদের সহযোগিতায় ঠিকই রানের পাহাড় গড়েছে টাইগাররা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ৩৩৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যা নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে ৩৩৩ রান ছিল টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ।

শনিবার (১৮ মার্চ) টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। এ ম্যাচে টাইগার শিবিরে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে নামেন লিটন দাস।

প্রথম দুই ওভারে দুজনে যোগ করেন ১৫ রান। তবে তৃতীয় ওভারে বাধে বিপত্তি। এ সময় মার্ক আদাইরের বলে স্লিপে ধরা পড়েন ৩ রান করা তামিম। কার্টিস ক্যাম্ফারের ডেলিভারিতে স্টার্লিংয়ের দ্বিতীয় ক্যাচে পরিণত হওয়ার আগে ২৬ রান করেন লিটন।

ভালো শুরুর ইঙ্গিত দিয়ে ব্যর্থ হন শান্ত। তিনি ২৫ রানে সাজঘরে ফেরার পর সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয় মিলে পাল্টা আক্রমণ শুরু করেন। ক্যাম্ফারের বলে সিঙ্গেল নিয়ে ৫৩তম অর্ধশতক পূরণ করেন সাকিব।

হাফ সেঞ্চুরির পর আরো আক্রমণাত্মক হয়ে পড়েন সাকিব। একেরপর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। অন্যপ্রান্তে অভিষেকেই ফিফটির দেখা পান তৌহিদ হৃদয়। দুজনের জুটিও ছাড়ায় শতকের গণ্ডি।

হৃদয়ের সঙ্গে জুটিতে শতকের দেখা পেলেও ব্যক্তিগত সেঞ্চুরির কাছে গিয়েও ফেরেন সাকিব। গ্রাহাম হিউমের বল কাট করতে গিয়ে লরকান টাকারের তালুবন্দী হয়ে তিনি যখন ফিরছিলেন, তার নামের পাশে ছিল ৯৩ রান।

ছয়ে নেমে সিলেটের সবুজ গালিচায় ঝড় তোলেন মুশফিকুর রহিম। টি-২০ মেজাজে খেলে মাত্র ২৬ বলে ৪৪ রান করেন তিনি। সঙ্গীর বিদায়ের এক বল পরই আউট হন সেঞ্চুরির সুবাস পেতে থাকা হৃদয়।

এর মাধ্যমে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরির দুর্দান্ত রেকর্ডটি হাতছাড়া করেন হৃদয়। তার বিদায়ের পর ইয়াসির রাব্বি ও নাসুম আহমেদের ক্যামিওতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে টাইগাররা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ