রোববার থেকে ভিন্ন কর্মসূচি ভোট বর্জনের প্রচার আরও দুই দিন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রোববার থেকে ভিন্ন কর্মসূচি ভোট বর্জনের প্রচার আরও দুই দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ৫:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ৫:২৬ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
আগামী ৭ই জানুয়ারির একতরফা ভোট বর্জনের আহ্বান জানিয়ে আরও দু’দিন প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ চালাবে বিএনপি ও সমমনা দলগুলো। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার রাজধানীসহ সারা দেশে এই কর্মসূচি পালন করবে তারা। রোববার থেকে ভিন্ন কর্মসূচি দিতে পারে দলটি। বৃহস্পতিবার (২৮শে ডিসেম্বর) দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি
ঘোষণা করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে দুই দফায় ৫ দিন গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপিসহ সমমনা দলগুলো।

দেশব্যাপী প্রচারপত্র বিতরণ: এদিকে ভোট বর্জনের আহ্বানে তিন দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির শেষদিন গতকালও রাজধানীসহ সারা দেশে প্রচারপত্র বিলি ও গণসংযোগ চালিয়েছে বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা। সকালে প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষদের মধ্যে লিফলেট বিতরণ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকাল সাড়ে ৭টায় কাফরুলের পুলপাড় এলাকায় ও সকাল সাড়ে ৮টায় উত্তরা আধুনিক মেডিকেলের আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন রুহুল কবির রিজভী। নিউমার্কেট এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। গোপীবাগ থেকে টিকাটুলি মোড় পর্যন্ত বিভিন্ন বিপণিকেন্দ্র ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। হবিগঞ্জ জেলা আদালত এলাকায় এবং শহরের ভেতরে বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শাম্মী আক্তার।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্পটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতারা লিফলেট বিতরণ করেন।
এদিকে একতরফা ভোট বর্জনের আহ্বানে কাওরান বাজারের পেট্রো বাংলার সামনে সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা কাঁটাবন মোড় পর্যন্ত মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। পল্টন, বিজয়নগর, নয়াপল্টন, কাকরাইল, সেগুন বাগিচাসহ বিভিন্ন অঞ্চলে সর্বসাধারণের মাঝে নির্বাচন বর্জনের আহ্বানে প্রচারপত্র বিলি করেন এবি পার্টির নেতারা। এ ছাড়া বিজয়নগর এলাকায় সমমনা জোট নেতারা ও কাওরান বাজার এলাকায় ১২ দলীয় জোটের নেতারা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

জামায়াতের লিফলেট বিতরণ: নির্বাচন বর্জন ও ভোটারদের ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ঢাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জামায়াত। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এরমধ্যে উত্তরে রাজধানীর মহাখালী, নাবিস্কো, গ্রিন রোড, ইব্রাহিমপুর, হাজী ক্যাম্প, আশকোনা সড়ক, শেরেবাংলা উত্তর, ভাষানটেক, দক্ষিণখান, মিরপুর, কাজীপাড়াসহ ১৫০টি এবং দক্ষিণে খিলগাঁও, মুগদা, মতিঝিল, শ্যামপুর, কদমতলী, জুরাইন, সবুজবাগ, ডেমরা, যাত্রাবাড়ী, কোনাপাড়া, শাহজাহানপুর, বংশাল, চকবাজার, কামরাঙ্গীরচর, কদমতলী, গেণ্ডারিয়া, সূত্রাপুর, ওয়ারী, পল্টন, হাজারীবাগ, রমনাসহ ৬৮টি সাংগঠনিক থানায় বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন নেতাকর্মীরা। এ ছাড়া সকালে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিরপুর-১৩ বাইশটেকি বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন নেতাকর্মীরা। রাজধানীর ধানমণ্ডি কলাবাগান ও নিউমার্কেট এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ