র‌্যাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

র‌্যাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৬, ২০২২ ১০:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৬, ২০২২ ১০:২০ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের লক্ষ্যে গঠিত এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ২০০৪ সালের এই দিনে স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিয়ে র‌্যাব আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর এই দিনটিকে ‘রেইজিং ডে’ হিসাবে পালন করে আসছে বাহিনীটি। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান করা হয়েছে ‘নিরাপত্তা রক্ষায় গণমানুষের আস্থায়’।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ মার্চ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করবে র‍্যাব। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

বর্তমানে র‍্যাবের মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পালন করছেন অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। প্রতিষ্ঠার পর থেকেই র‌্যাব দেশের সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক নির্মূলে কাজ করে আসছে। এই কাজে বেশ প্রশংসা কুড়িয়েছে বাহিনীটি। এ ছাড়া বিশেষ দিনগুলোতেও তারা নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে।

প্রতিষ্ঠার পর সাংগঠনিক কর্মকাণ্ড ছাড়াও স্ব স্ব এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করে র‌্যাব। প্রায় তিন সপ্তাহ পর ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) রমনা বটমূলে নিরাপত্তা দিয়ে র‌্যাব তাদের কার্যক্রম শুরু করে। একই বছরের ২১ জুন পূর্ণাঙ্গভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করে বাহিনীটি।

বর্তমানে সারাদেশে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন রয়েছে। এসব ব্যাটালিয়নে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও সরকারের বেসামরিক প্রশাসনের বাছাই করা চৌকস কর্মকর্তা ও অন্য সদস্যরা দায়িত্ব পালন করছেন।

র‌্যাব দেশে জঙ্গিবাদ নির্মূলে বেশ প্রশংসা কুড়িয়েছে। ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ টানা ৩৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আমির শায়খ আব্দুর রহমানকে সিলেটের শাপলাবাগ থেকে গ্রেপ্তার করে র‌্যাব। প্রতিষ্ঠার পর এটিই ছিল র‌্যাবের সবচেয়ে আলোচিত অভিযান ও সবচেয়ে বড় সাফল্য।

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালিয়ে জঙ্গি সংগঠন জেএমবি তাদের শক্তি জানান দেওয়ার পরপরই মাঠে নামেন র‌্যাব গোয়েন্দারা। এরপর গ্রেপ্তার করা হয় সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানিসহ শত শত জঙ্গিকে।

এছাড়া রাজধানীর গুলশানের হলি আর্টিজনে জঙ্গি হামলার পর র‌্যাব অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়। গত এক বছরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিমসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর ৩ শতাধিক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

প্রতিষ্ঠার পর থেকেই অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান, দুর্ধর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করেছে বাহিনীটি। এছাড়া বিশেষ দিনগুলোতেও তাদের নিরাপত্তা দিতে দেখা যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ