লং মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা জবি শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ১৪, ২০২৫ ১:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ১৪, ২০২৫ ১:১১ পূর্বাহ্ণ

জবি প্রতিনিধি
বাজেট বৃদ্ধি ও হল নির্মাণসহ চার দাবিতে বুধবার (১৪ মে) সকাল ১১টায় ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাঠাঁলতলায়, বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্মের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে দুপুরে শিক্ষার্থী প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল ইউজিসিতে মিটিং করেন। কিন্তু ইউজিসি থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করা হয়।
এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সভাপতি, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী একেএম রাকিব বলেন, “আজকে আমরা ইউজিসিতে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। যেসব দাবি আমাদের ছিল, সেসব পূরণে কোনো পদক্ষেপ বা কার্যক্রম নিতে দেখা যায়নি। ইউজিসি থেকে সুনির্দিষ্ট কোনো রূপরেখাও দেওয়া হয়নি এবং তারা মন্ত্রণালয়ের সাথে মিটিং আয়োজন করবেন বলেছিলেন, যা নিতান্তই আমাদের সাথে কালক্ষেপণ। আমরা অধিকার আদায়ে যমুনায় যাব, সেখানেই ফয়সালা হবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবি শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহিন মিয়া বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ২০ বছর, কিন্তু ন্যূনতম মৌলিক চাহিদাগুলো পূরণ করা হয়নি। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের দাবিদাওয়া পেশ করে কয়েকবার আন্দোলনে গিয়েছি এবং মন্ত্রণালয় ও ইউজিসি থেকে আশ্বাস পেয়েছি। কিন্তু বাস্তবে কোনো ধরনের পদক্ষেপ তারা নেয়নি। বারবার আমাদের সঙ্গে প্রহসন করেছে। তাই আমরা আর তাদেরকে বিশ্বাস করতে চাই না। আমাদের একমাত্র বিশ্বাসের জায়গা আমাদের প্রধান উপদেষ্টা। আমরা তার কাছেই আমাদের দাবিদাওয়াগুলো পেশ করব। এই উদ্দেশ্যে আগামীকাল সকাল ১১টায় লং মার্চ ঘোষণা করা হয়েছে। আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা যমুনায় অবস্থান করব।”
শিক্ষার্থীদের চার দফা দাবি—
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট বৃদ্ধি করতে হবে এবং ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করতে হবে।
২. দ্বিতীয় ক্যাম্পাস এবং পুরান ঢাকার ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে ২০২৫-এর মধ্যে শুরু করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হল ও দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কার্যক্রমের অগ্রগতি প্রতি ১৫ দিন অন্তর মুক্তমঞ্চে এসে অবহিত করতে হবে।
৪. আগামী ১৫ মে ২০২৫-এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
জনতার আওয়াজ/আ আ