লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা ইশরাকের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ২৫, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ২৫, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনের লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা পুনরায় ব্যক্ত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, আমরা হার মানি নাই। আমরা হাল ছেড়ে দেই নাই। শেখ হাসিনা সরকারকে পতন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এতে যত সময় লাগে, যত জীবন দিতে হয়, যত অত্যাচার-নির্যাতন সহ্য করতে হয় আমরা করব। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করলাম।
তিনি বলেন, আমরা ভয় পাই না, আমরা কারাগারকে ভয় পাই না। জেল-জুলুমকে ভয় পাই না। মামলা-হামলাকে ভয় পাই না। ২৮ অক্টোবর ভয়াবহ নির্যাতন, গুলির মুখে আমরা দাঁড়িয়ে থেকেছি। সরকারের লাঠিয়াল, পেটোয়া বাহিনী সাধারণ জনগণের বুকে গুলি চালিয়েছে।
পুলিশের উদ্দেশ্যে বিএনপির এই তরুণ নেতা বলেন, আপনারা সাবধান হয়ে যান। আবার যদি আমাদের বুকে গুলি চালায় তাহলে থানায় থানায় ঘেরাও দিয়ে এর জবাব দেবো। আপনারা কেন আমাদের ওপর অত্যাচার করছেন? আমার ভাইদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন? বিএনপি নেতাকে না পেয়ে তার বৃদ্ধ বাবা-মাকে ধরে নিয়ে যাচ্ছেন। অপ্রাপ্তবয়স্ক সন্তানদের ধরে নিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগের নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেন, আপনারাও রাজনীতি করেন। একটা সৌহার্দপূর্ণ, সম্প্রীতির রাজনীতি কেন প্রতিষ্ঠা করতে পারলেন না। সেটার জন্য আগামী দিন আপনাদের জবাব দিতে হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
জনতার আওয়াজ/আ আ