লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যুক্ত হলো বাংলায় দিকনির্দেশনা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যুক্ত হলো বাংলায় দিকনির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারের ডিসপ্লে বোর্ডে ইংরেজি, আরবি, হিন্দিসহ আরও কয়েকটি ভাষার পাশাপাশি এবার বাংলায় লেখা দিকনির্দেশনা দেখা গেছে।

বুধবার (১২ নভেম্বর) থেকে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরের টার্মিনাল ৪-এর ইমিগ্রেশন কাউন্টারের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে এ নির্দেশনা দেখা যায়। প্রদর্শিত বাংলা বার্তার মধ্যে রয়েছে; ‘অনুগ্রহ করে আপনার পাসপোর্টটি প্রস্তুত রাখুন এবং ওয়ালেট ও হোল্ডার থেকে বের করুন।’

হিথ্রো বিমানবন্দরে বাংলা ভাষায় প্রদর্শিত এই নির্দেশনা দেখে প্রবাসী বাংলাদেশিরা আনন্দিত ও গর্বিত বোধ করছেন। তাদের মতে, এটি যুক্তরাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের ক্রমবর্ধমান উপস্থিতি ও অবদানের স্বীকৃতি।

এর আগেও যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে বাংলা ভাষার ব্যবহার দৃশ্যমান হয়েছে। ২০২২ সালের মার্চে স্বাধীনতা দিবসের আগে পূর্ব লন্ডনের ব্যস্ত পাতাল রেলস্টেশন ‘হোয়াইটচ্যাপল’-এর প্রবেশপথে ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা হয় ‘হোয়াইটচ্যাপল স্টেশন’।

টাওয়ার হ্যামলেটসের বাংলা টাউন, ব্রিকলেন, বুক্সটন স্ট্রিট ও ফুর্নিয়ার স্ট্রিটসহ বেশ কিছু রাস্তায় ইংরেজির পাশাপাশি বাংলায় নাম লেখা রয়েছে। এলাকাটির সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে গড়ে উঠেছে ওসমানী স্মৃতি মিলনায়তন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাইমারি স্কুল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল ও কাজী নজরুল ইসলাম প্রাইমারি স্কুলের মতো প্রতিষ্ঠান।

এছাড়া পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক, বার্মিংহামের স্মল হিথ পার্ক, ওল্ডহামসহ যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে রয়েছে আটটি স্থায়ী শহীদ মিনার, যা প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদাকে আরও উঁচু করেছে।

কমিউনিটি নেতৃবৃন্দের মতে, হিথ্রো বিমানবন্দরে বাংলা ভাষায় নির্দেশনা প্রদর্শনের মধ্য দিয়ে যুক্তরাজ্যজুড়ে বাংলা ভাষার দৃশ্যমানতা নতুন উচ্চতায় পৌঁছেছে। এটি শুধু ভাষার স্বীকৃতি নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের সাংস্কৃতিক সাফল্যের প্রতীকও বটে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ